এটি মামুনুল হকের ব্যক্তিগত ব্যাপার: বাবুনগরী

হেফাজতের আমীর বাবুনগরী বলেছেন, মামুনুল হকের বিষয়ে বলেছেন, এটি তার ব্যক্তিগত ব্যাপার।
রবিবার (১১ এপ্রিল) বিকেল ৩টার দিকে হাটহাজারী মাদ্রাসায় বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকার হেফাজতে ইসলামের নেতাদের নিয়ে মাদ্রাসায় বৈঠক করেন বাবুনগরী।
মামুনুল হক সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামুনুল হকের বিষয়ে আমাদের একটিই জবাব, তা হল- এটি ওনার ব্যক্তিগত ব্যাপার। এর বাইরে আর কোন মন্তব্য করতে আমরা রাজি নই। পাশাপাশি আজকের বৈঠক সম্পর্কে বাবুনগরী জানান, আজকের বৈঠকে কোন ব্যক্তিকে নিয়ে আলোচনা হয়নি। কাউকে প্রত্যাহার বা অব্যাহতি দেবার বিষয়েও কোন আলোচনা হয়নি।
গত ২৬ মার্চ হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনার বিষয়ে তিনি বলেন, সেদিন হেফাজতে ইসলামের কোন কর্মসূচি ছিল না। সেজন্য এ বিষয়ে আমরা অবগত ছিলাম না। তবে কিছু মানুষ শান্তিপূর্ণ মিছিল বের করেছে বলে শুনেছি।



