ইসি গঠনে নামের তালিকা দিয়েছে আওয়ামী লীগ

নির্বাচন কমিশন গঠনে নামের তালিকা জমা দিয়েছে আওয়ামী লীগ৷
শুক্রবার(১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ তালিকা জমা দেওয়া হয়েছে৷
আওয়ামী লীগের পক্ষে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এ তালিকা জমা দেন ।
নতুন নির্বাচন কমিশন(ইসি) গঠনের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে ১০ জনের নাম চেয়েছে সার্চ কমিটি৷ এরই অংশ হিসেবে আওয়ামী লীগের নামের তালিকা জমা দেওয়া হলো৷
তালিকা জমা দেওয়ার পর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ বলেন, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় আওয়ামী লীগ। সার্চ কমিটি প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নেই।
এর আগে গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে দলের নেতারা এ নামের তালিকা জমা দেন।
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে সার্চ (অনুসন্ধান) কমিটির কাছে পাঠানোর জন্য প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে নিজেদের পছন্দের নামের তালিকা জমা দেন আওয়ামী লীগ নেতারা। প্রধানমন্ত্রী সেখান থেকেই বাছাই করে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনার হিসেবে দলের প্রস্তাবিত ১০ জনের নাম চূড়ান্ত করেন।



