অন্য খবর

গুজব ছড়ানোয় আইনি ব্যবস্থা নিচ্ছেন শাকিব খান

ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান, তার সঙ্গে আরেক অভিনেত্রী পূজা চেরীকে জড়িয়ে যারা নানা গুজব ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেইজে শাকিব খান জানান, কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ ভিউ এর আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে একধরণের বিভ্রান্ত সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে।

তিনি লিখেন, অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এতো বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট।

এখন আবার পূজা চেরীর নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এতো মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে? এসব যারা করছে সেইসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবী, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ?

যারা এসব গুজব ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন জানিয়ে তিনি আরও লিখেন, এসব ভূয়া বিষয়গুলোর ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরণের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে; যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।

উল্লেখ্য, বেশ অনেকদিন ধরেই বিয়ে ইস্যুতে আলোচনায় শাকিব খান। হঠাৎ করেই বিয়ে এবং সন্তানের খবর নিয়ে সামনে আসেন চিত্রনায়িকা শবনম বুবলী। এরপর শাকিব-বুবলী দুজনেই তাদের বিয়ে এবং সন্তানের খবর প্রকাশ্যে আনেন এবং সত্যতা স্বীকার করেন। এ নিয়ে আলোচনা-সমালোচনা যেন প্রতিদিনের নিত্য রুটিন হয়ে গিয়েছে অনেকের!

সেই ইস্যু শেষ না হতেই মাঝখানে গুজব উঠে শবনম বুবলীকে ডিভোর্স দিয়ে আরেক অভিনেত্রী পূজা চেরীকে বিয়ে করেন শাকিব। ইতিমধ্যে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা।

অবশেষে পুরো বিষয় নিয়ে মুখ খুললেন শাকিব খান।

Related Articles

Leave a Reply

Back to top button