অন্য খবর

আজ কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন

সিনেমা জগতের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শাবানার ৬৯তম জন্মদিন আজ।

দীর্ঘ সময় ধরে ঢাকাই সিনেমার রাণী শাবানার পারিবারিক নাম আফরোজা সুলতানা রত্না। ১৯৫২ সালের ১৫ জুন জন্ম তার। এর দশ বছর পর শিশুশিল্পী হিসেবে ‘নতুন সুর’ চলচ্চিত্রে অভিষেক।

১৯৬৭ সালে ‘চকোরী’ চলচ্চিত্রে নাদিমের বিপরীতে প্রধান নারী হিসেবে আবির্ভাব, ওই সিনেমার পরিচালক এহতেশাম তার পর্দার নামটি দেন।

শাবানা সাড়ে তিন দশকের কর্মজীবনে ৩০০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেন। ষাট দশকের শেষ থেকে নব্বইয়ের দশকে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন। ব্যক্তিগত কারণে ২০০০ সালে হঠাৎ রূপালী জগৎ থেকে আড়ালে চলে যান। এর পর অনেক বছর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেলেও তাও হাতে গোনা।

জুটি হিসেব আলমগীরের সঙ্গে রেকর্ড গড়েন শাবানা। তারা একসঙ্গে ১৩০টি চলচ্চিত্রে অভিনয় করেন। এ ছাড়া রাজ্জাক, ওয়াসিম, উজ্জ্বলের সঙ্গে অভিনয় করে পান জনপ্রিয়তা। পাকিস্তানি নায়ক নাদিমের সঙ্গেও দর্শক তাকে পছন্দ করেছিল।

সোশ্যাল ড্রামা থেকে অ্যাকশন, ফোক নানা ঘরানার সিনেমায় অভিনয় করেছেন শাবানা। গুণী এ শিল্পী অভিনয়ের জন্য প্রধান নারী চরিত্রে আটবার ও প্রযোজক হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং ২০১৭ সালে পান আজীবন সম্মাননা।

Related Articles

Leave a Reply

Back to top button