অপপ্রচার করাই বিএনপির শেষ আশ্রয়স্থল: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অপপ্রচার করাই বিএনপির শেষ আশ্রয়স্থল।
মঙ্গলবার ২৬ অক্টোবর, তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের, পূজামণ্ডপে হামলা নাকি সরকারের নীলনকশা, সরকার নাকি হামলাকারীদের বিচারের উদ্যোগ নেয়নি, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে বলেন, এসব অভিযোগ বিএনপি নেতাদের মিথ্যাচার গোয়েবলসকেও হার মানায়।
কোন সরকার কী চায় দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে? আর তা করে সরকারের কী লাভ? এসব প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, দোষারোপের রাজনীতি যেহেতু বিএনপির আদর্শ সেহেতু সরকারের বিরুদ্ধে কিছু না কিছু বলতেই হবে,- এ ধরনের কল্পিত ও অন্তঃসারশূন্য অভিযোগ তারই ধারাবাহিকতা।
ওবায়দুল কাদের আরও বলেন, ভিডিও ফুটেজ অনুযায়ী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হলেও তারা বলছেন বিরোধীদের হেনস্তা করার জন্য মামলা করা হয়েছে। এটা বিএনপির ডাবল স্ট্যান্ডার্ড।
ঘটনার পর বিএনপির পক্ষ থেকে কেউ হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ায়নি অথচ এখন প্রায় দুই সপ্তাহ পর বিএনপির দলীয় টিম বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন, ঘটনার রেশ কেটে যাওয়ার পর এ লোক দেখানো পরিদর্শন দলীয়ভাবে বিএনপির দায়িত্বহীনতাকেই স্পষ্ট করছে বলে মনে করেন কাদের।


