Leadইকোবিজএনএনবি বিশেষ

২৩২ কোটি টাকা আত্মসাতের দায়, ‌‘রাজনৈতিক ডিগবাজি’ দেলোয়ারের

◉ এনআরবিসির ২৩২ কোটি টাকা আত্মসাৎ: তথ্য গোপন করে কমার্স ব্যাংকে চাকরি

➤➤ এনআরবিসি (NRBC) ব্যাংকে ২৩২ কোটি টাকার বিশাল ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে চাকরিচ্যুত হয়েছিলেন মো. দেলোয়ার হোসেন। দুর্নীতি দমন কমিশনে (দুদক) তার বিরুদ্ধে মানি লন্ডারিং ও অর্থ আত্মসাতের মামলাও চলমান।

অথচ এসব গুরুতর অপরাধ ও তথ্য সম্পূর্ণ গোপন করে গত দুই বছর ধরে তিনি বাংলাদেশ কমার্স ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন!

◉ রপ্তানি আয়ে ভাটা, আছে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে এই অভিনব প্রতারণার বিষয়টি ধরা পড়লে তার নিয়োগ বাতিল করার নির্দেশ দেওয়া হয়। চাকরি বাঁচাতে এবং আইনি ব্যবস্থা থেকে রক্ষা পেতে এই কর্মকর্তা এখন রাজনৈতিক ভোল পাল্টে নতুন কৌশল অবলম্বন করেছেন।

এনআরবিসি ব্যাংকে ভয়াবহ জালিয়াতি ও দুদকের মামলা
দেলোয়ার হোসেন এনআরবিসি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (EVP) এবং উত্তরা শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। সেখানে থাকা অবস্থায় তার বিরুদ্ধে অন্তত ২৩২ কোটি টাকার ঋণ অনিয়ম ও জালিয়াতির সম্পৃক্ততা পায় ব্যাংকটির অভ্যন্তরীণ নিরীক্ষা দল।

অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং
২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত উত্তরা শাখায় দেলোয়ারের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ধরা পড়ে। উদাহরণস্বরূপ, ‘মেসার্স বেক নিট’ নামক একটি গ্রাহক প্রতিষ্ঠান ২০১৯ সালে ৮,৪১৯ ডলারের পণ্য রপ্তানি করলেও চার মাসেও তার অর্থ দেশে আনেনি।

নিয়ম অনুযায়ী ১৪ দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে জানানোর কথা থাকলেও দেলোয়ার তা গোপন করেন। উল্টো মেয়াদোত্তীর্ণ বিলের তথ্য লুকিয়ে গ্রাহককে ৫৭টি কেসের বিপরীতে ৪ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার টাকার নগদ সহায়তা (Cash Incentive) পাইয়ে দেন। একইভাবে আরও দুটি গার্মেন্টসকে প্রায় ২ কোটি টাকার অবৈধ সুবিধা দেওয়া হয়।

দুদকের মামলা
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের ভিত্তিতে ২০২৩ সালের ১১ জুলাই দেলোয়ারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। তাদের বিরুদ্ধে ৭৪ কোটি ৬০ লাখ টাকা আত্মসাৎ এবং যুক্তরাজ্যে ৭ লাখ ৩ হাজার ৯৫ ডলার পাচারের (মানি লন্ডারিং) অভিযোগ আনা হয়, যা বর্তমানে বিচারাধীন।

চাকরিচ্যুতি ও নাটকীয়তা
নিরীক্ষা দলের সুপারিশে বরখাস্ত হওয়ার আগেই ২০২২ সালের ৫ ডিসেম্বর তড়িঘড়ি করে পদত্যাগপত্র জমা দেন দেলোয়ার। কিন্তু জালিয়াতির প্রমাণ থাকায় ১৮ ডিসেম্বর ব্যাংক তার পদত্যাগপত্র প্রত্যাখ্যান করে তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয়।

তথ্য গোপন করে কমার্স ব্যাংকে অবৈধ নিয়োগ
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কোনো ব্যাংক থেকে দুর্নীতি ও জালিয়াতির দায়ে বরখাস্ত হলে অন্য ব্যাংকে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবেন। কিন্তু দেলোয়ার হোসেন ২০২৩ সালের ২৭ মার্চ ৩০০ টাকার স্ট্যাম্পে একটি মিথ্যা অঙ্গীকারনামা দিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (SEVP) হিসেবে যোগ দেন।

তিনি হলফনামায় দাবি করেন, তার বিরুদ্ধে এনআরবিসি ব্যাংকে কোনো ব্যবস্থা বা আদালতে কোনো মামলা চলমান নেই। তিনি ৬ মাসের মধ্যে আগের কর্মস্থলের ছাড়পত্র (NOC) জমা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা কখনোই দেননি।

বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে এই জালিয়াতি ধরা পড়ার পর তার নিয়োগকে অবৈধ ঘোষণা করে বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে তাকে প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগে সংযুক্ত করে ‘কেন চাকরিচ্যুত করা হবে না’ মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কমার্স ব্যাংক।

কমার্স ব্যাংকেও অর্থ নয়ছয়
নতুন কর্মস্থল কমার্স ব্যাংকেও দেলোয়ারের বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ২০২৩ সাল থেকে গত বছরের জুন পর্যন্ত ব্যাংকের সাসপেন্স হিসাব থেকে তিনি ভাউচার ছাড়াই এবং আর্থিক ক্ষমতার তোয়াক্কা না করে ১১ কোটি ৯৪ লাখ টাকা উত্তোলন করেছেন।

এর মধ্যে এজেন্ট কমিশন হিসেবে ৩২ লাখ ৫০ হাজার এবং অন্যান্য খাতে ১২ লাখ টাকা দেখানো হয়েছে। ৭৮ লাখ ৫০ হাজার টাকা উত্তোলনের কোনো ভাউচারই তিনি জমা দেননি। খাতুনগঞ্জ শাখার মাধ্যমে সান্ড্রি খাত থেকে ২ কোটি ৪০ লাখ এবং ১৮ লাখ ১১ হাজার টাকার সন্দেহজনক লেনদেন করা হয়েছে, যা সরাসরি মানি লন্ডারিংয়ের ইঙ্গিত দেয়।

দেলোয়ারের সাফাই ও রাজনৈতিক ডিগবাজি
অভিযোগের বিষয়ে দেলোয়ার হোসেনের দাবি, তিনি পরিচালকদের চাপে ঋণ দিয়েছেন এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। কমার্স ব্যাংকের খরচের বিষয়ে তার যুক্তি— “আমাদের মতো দুর্বল ব্যাংকে কেউ আমানত রাখতে চায় না, তাই আমানত আনতে ঊর্ধ্বতনদের অনুমোদনেই এসব খরচ করা হয়েছে।” তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, তার বর্তমান রাজনৈতিক অবস্থান। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার কাছাকাছি থেকে তিনি নানা সুযোগ-সুবিধা ও অনৈতিক ফায়দা লুটেছেন। কিন্তু বর্তমানে নিজের দুর্নীতি ও শাস্তির হাত থেকে বাঁচতে তিনি রাতারাতি রাজনৈতিক ভোল পাল্টে ফেলেছেন।

◉ ভবিষ্যতের কৃষি হবে কার্বন স্মার্ট কৃষি

জানা গেছে, নিজেকে রক্ষা করতে তিনি বর্তমানে একটি অনুমোদনহীন ‘জিয়া পরিষদ’-এর আহ্বায়ক বনে গেছেন। রাজনৈতিক এই খোলস ব্যবহার করে তিনি পার পাওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছেন বলে সংশ্লিষ্ট মহলে সমালোচনা চলছে।

নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ‌০৯ জুন ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button