বিশ্ব

হিজাব ইস্যুতে ইরানে ২০০ মানুষের মৃত্যু

পুলিশি হেফাজতে মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে সম্প্রতি ইরানে শুরু হয় হিজাব বিতর্ক। সে বিতর্কের জেরে চলতে থাকে টানা বিক্ষোভ। পুলিশের সঙ্গে সংঘর্ষে গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের একটি নিরাপত্তা সংস্থা।
শনিবার (৩ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, চলমান বিক্ষোভে দু’শজন মারা গেছেন। দাঙ্গার পর প্রথম নিহত হওয়ার এই সংখ্যার কথা জানাল ইরান।
বিবৃতিতে আরো বলা হয়েছে, নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য, ‘সন্ত্রাসী’ ও ‘বিদেশি মদদদাতা সংগঠন’ এর সদস্যরা রয়েছে।
ইরানের ইসলামী রেভুল্যশনারি গার্ড-এর শীর্ষ জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, সম্প্রতি দাঙ্গায় ৩০০ জন ‘শহীদ ও নিহত’ হয়েছে। এর পরপরই ইরানের কর্তৃপক্ষ এ তথ্য প্রকাশ করলো।
তবে বিদেশি মানবাধিকারভিত্তিক সংগঠনের হিসাবে নিহতের সংখ্যা চারশ’র বেশি।
ইরানে জনসম্মুখে নারীদের বাধ্যতামূলক হিজাব পরাসহ কঠোর পর্দা পালনের নিয়ম রয়েছে। এই বিধিগুলো তদারক করার জন্য রয়েছে দেশটির ‘নৈতিকতাবিষয়ক’ পুলিশ। এই পুলিশের একটি দল, গত ১৩ সেপ্টেম্বর ২২ বছর বয়সী মাহসা আমিনিকে তেহরান থেকে আটক করে। আমিনি তার পরিবারের সঙ্গে তেহরানে ঘুরতে গিয়েছিলেন। আটকের পর মাহসা আমিনি থানায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গত ১৬ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাহসা আমিনির। এ ঘটনার প্রতিবাদে ব্যাপক আন্দোলন শুরু হয়। আন্দোলন-বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইরানের ডজনখানেকের বেশি শহরে।

Related Articles

Leave a Reply

Back to top button