
◉➤ অর্থ পাচার, কর ফাঁকি, ব্যাংক জালিয়াতি ও দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে দেশের শীর্ষ ১০টি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে সরকার। ১১টি সরকারি সংস্থার সমন্বিত যৌথ তদন্ত শেষে এই আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
প্রাথমিক পর্যায়ে মামলার আওতায় থাকা গ্রুপগুলো হলো— এস আলম, বেক্সিমকো, নাবিল, সামিট, ওরিয়ন, জেমকন, নাসা, বসুন্ধরা, সিকদার এবং আরামিট গ্রুপ। তদন্তে এসব প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক দুর্নীতির পাশাপাশি এগুলোর শীর্ষ কর্তাদের ব্যক্তিগত আর্থিক লেনদেনের অনিয়মও প্রমাণিত হয়েছে।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন জানান, যৌথ তদন্ত দল নিবিড় অনুসন্ধানের পর আদালতে উপস্থাপনের জন্য পর্যাপ্ত তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে এবং শিগগিরই দেওয়ানি মামলা দায়ের করা হবে।
তদন্তের নেপথ্যে যারা
এসব শিল্প গ্রুপের বিরোধী যৌথভাবে সরকারের একাধিক সংস্থা দীর্ঘদিন ধরে কাজ করছিল। মূল তদন্তকারী সংস্থা হচ্ছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)। পুরো তদন্ত প্রক্রিয়াটি সমন্বয় করেছে কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সার্বিক আইনি সহায়তা রয়েছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
আর তদন্ত দলগুলোকে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল। সে অনুযায়ী তাদের সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ আইন ও বিধিমালা মেনে অনুসন্ধান এবং তদন্ত করতে বলা হয়। অনুসন্ধান ও কার্যক্রমের তথ্য গোপনীয়তা ও সংবেদনশীলতা কঠোরভাবে রক্ষা করা হয়েছে।

গত বছরের ২ ডিসেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আলাদা চিঠি দিয়ে বিএফআইইউকে আইন ও অর্থ পাচার প্রতিরোধ বিধিমালার আওতায় কোম্পানিগুলোর বিরুদ্ধে যৌথ তদন্তের বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানায়। এরপর ৬ জানুয়ারি যৌথ তদন্তের নেতৃত্ব ও শর্ত চূড়ান্ত করা হয়।
দুদক, সিআইডি ও কাস্টমস গোয়েন্দাকে দেওয়া বিএফআইইউর চিঠিতে বলা হয়েছিল, ‘এসব গ্রুপ ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের দুর্নীতি, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঘুষ, দুর্নীতিসহ অবৈধ পন্থায় অর্থ উপার্জনের তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া এসব ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে কর ও শুল্ক ফাঁকি, বৈদেশিক বাণিজ্যের আড়ালে অর্থ পাচারসহ বিভিন্ন অবৈধ পন্থায় বিদেশে অর্থ পাচারের তথ্য রয়েছে।’ ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়েছিল, ‘অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের হালনাগাদ প্রতিবেদন সময়-সময় সংস্থাগুলোকে বিদেশে পাচার করা সম্পদ বাংলাদেশে ফেরত আনা ও ব্যবস্থাপনার লক্ষ্যে আন্তঃসংস্থা টাস্কফোর্স ও বিএফআইইউতে সরবরাহ করতে হবে।’
চলমান পদক্ষেপ
তদন্তের আওতায় থাকা বেশিরভাগ গ্রুপের ব্যাংক হিসাব এরই মধ্যে জব্দ করেছে বিএফআইইউ। এ ছাড়াও আন্তর্জাতিক অনুসন্ধানের অংশ হিসেবে পাচার হওয়া অর্থের সন্ধানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

এসব শিল্প প্রতিষ্ঠানের ব্যাংক থেকে নেওয়া ঋণ, অর্থের গতিপথ, বৈদেশিক বাণিজ্যের আড়ালে ওভার ইনভয়েসিং/আন্ডার ইনভয়েসিং এবং ঋণের প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করা হয়েছে। তদন্তকারীরা অভিযোগের প্রমাণ পেয়েছে। এখন দেওয়ানি মামলা করা হবে। তাদের বিরুদ্ধে পাওয়া তথ্য-প্রমাণ উপস্থাপন করা হবে আদালতে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এক বৈঠক শেষে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রেসিডেন্ট মাসরুর আরেফিন সাংবাদিকদের জানিয়েছিলেন, যেসব ব্যাংকের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ রয়েছে, সেসব ব্যাংককে পাচার করা টাকা ফিরিয়ে আনতে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এ ধরনের অর্থ দেশে ফিরিয়ে আনতে সাধারণত তিন থেকে পাঁচ বছর সময় লাগে। তবে তারা আশাবাদী যে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে এসব অর্থ ফেরত আনা সম্ভব হবে। এ জন্য ব্যাংকগুলোকে কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন গভর্নর।
অর্থ ফেরানোর সম্ভাবনা কতটুকু?
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এক বৈঠক শেষে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রেসিডেন্ট মাসরুর আরেফিন জানান, পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে আইনি প্রক্রিয়ায় সাধারণত তিন থেকে পাঁচ বছর সময় লাগে। তবে ধাপে ধাপে এই অর্থ ফিরিয়ে আনা সম্ভব বলে সংশ্লিষ্টরা আশাবাদী। যেসব ব্যাংকের মাধ্যমে অর্থ পাচার হয়েছে, তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন গভর্নর।
নিউজ নাউ বাংলা/ কেএসসি/ জেডআরসি/ ০৮ জুলাই ২০২৬



