Leadএনএনবি বিশেষবাংলাদেশ

মন্ত্রিসভায় আসছে বড় রদবদল

গতি ফেরাতে মূল্যায়িত হচ্ছেন পরীক্ষিতরা

➤ দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম শেষে রাষ্ট্রক্ষমতায় বসা তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আকার আরও বড় হতে যাচ্ছে। একই সঙ্গে প্রশাসনযন্ত্রে গতি আনতে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে রদবদলের সম্ভাবনাও প্রবল।

মূলত জনবান্ধব প্রশাসন নিশ্চিত করা এবং কাজের স্থবিরতা কাটাতে আসন্ন ঈদুল আজহার পর, বাজেট অধিবেশন শেষ হলেই এই সম্প্রসারণের ঘোষণা আসতে পারে। সরকার ও বিএনপির উচ্চপর্যায়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

➤➤ নেতৃত্বের পুনর্গঠন ও বড় পরিবর্তনের পথে বিএনপি

বর্তমান সরকারপ্রধানের মূল লক্ষ্য—যেসব মন্ত্রণালয়ে কাজের চাপ বেশি এবং যেসব দপ্তরে মন্ত্রীদের পারফরম্যান্স নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে, সেখানে নতুন ও ডায়নামিক নেতৃত্ব নিয়ে আসা। জানা গেছে, একজন মন্ত্রীর দায়িত্ব একটি মাত্র দপ্তরের মধ্যে সীমাবদ্ধ রেখে প্রশাসনিক দক্ষতা বাড়ানোর ছক কষছে সরকার।

প্রশাসনের শ্লথগতি ও রদবদলের নেপথ্য কারণ
সরকার গঠনের পর থেকেই কয়েকটি মন্ত্রণালয়ে কাজের ধীরগতি এবং প্রশাসনিক দুর্বলতা সরকারের নজরে এসেছে। ইতোমধ্যে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা একজন মন্ত্রী এবং দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আরেক মন্ত্রীর বিতর্কিত কর্মকাণ্ড ও সমন্বয়হীনতা নিয়ে দলের ভেতরে-বাইরে সমালোচনা শুরু হয়েছে।

এই পরিস্থিতি সামাল দিতেই মূলত তাদের দায়িত্ব কাঁটছাঁট করে নতুনদের জায়গা করে দেওয়ার পরিকল্পনা চলছে। এই সম্প্রসারণে প্রথমবারের মতো কয়েকজন উপমন্ত্রীর পদ সৃষ্টি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

মন্ত্রিসভায় আসছেন যেসব হেভিওয়েট ও পোড় খাওয়া নেতা
নতুন মন্ত্রিসভায় দলের জন্য জীবন বাজি রাখা অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান এবং রাজপথের পোড় খাওয়া নেতাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মতো বর্ষীয়ান নেতার নাম গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও অভিজ্ঞতার কারণে মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তি অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন বিশ্লেষকরা।

➤➤ সংবিধান নিয়ে মুখোমুখি: কোন পথে দেশের রাজনীতি?

সংসদ উপনেতা হিসেবে ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. আব্দুল মঈন খানের মতো দুই প্রবীণ নীতিনির্ধারকের নামও জোরালোভাবে আলোচিত হচ্ছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের মধ্য থেকে মন্ত্রিসভায় নারী প্রতিনিধিত্ব বাড়াতে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানকেও যুক্ত করা হতে পারে।

বর্তমান মন্ত্রিসভায় বৃহত্তর নোয়াখালী অঞ্চলের কোনো প্রতিনিধি নেই। আঞ্চলিক ভারসাম্য রক্ষার্থে নোয়াখালী-২ আসন থেকে ছয়বার নির্বাচিত প্রবীণ রাজনীতিক ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে মন্ত্রিসভায় আনার আলোচনা চলছে।

টেকনোক্র্যাট কোটায় চমক ও তরুণদের উত্থান
প্রশাসনিক কাজে গতি আনতে শুধু রাজনৈতিক পরিচয় নয়, টেকনোক্র্যাট কোটায় দলের ত্যাগী ও মেধাবী নেতাদেরও মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং হাবিবুন নবী খান সোহেল পূর্ণমন্ত্রী হিসেবে আলোচনায় আছেন।

বর্তমানে প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্বে থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকেও মন্ত্রিসভার সরাসরি কার্যক্রমে অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা রয়েছে। তরুণ ও মাঠপর্যায়ের নেতাদের মধ্যে খুলনার আজিজুল বারী হেলাল, ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল এবং সিরাজগঞ্জের আমিরুল ইসলাম খান আলিমের নাম শোনা যাচ্ছে প্রতিমন্ত্রী হিসেবে।

টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ আলমগীর পাভেলের নামও জোরেশোরে উচ্চারিত হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ে পরিবর্তনের হাওয়া ও অন্যান্য রদবদল
সবচেয়ে বড় চমক আসতে পারে শিক্ষা মন্ত্রণালয়ে। বর্তমান শিক্ষামন্ত্রীর দপ্তর পরিবর্তন করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিনকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে।

এছাড়া, বর্তমানে হুইপের দায়িত্ব পালন করা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পাবনার সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং কুমিল্লার অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নামও সম্প্রসারিত মন্ত্রিসভার তালিকায় রয়েছে।

বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এর আগে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে স্পিকার এবং ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামালকে ডেপুটি স্পিকার হিসেবে সরিয়ে নেওয়ায় সেখানে আহমেদ আজম খান এবং ব্যারিস্টার মীর হেলালকে দায়িত্ব দেওয়া হয়েছে।

➤➤ জ্বালানির সংকটের আঁচে বাড়ছে ক্ষুধার্ত মানুষ

মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান জানান, ‘বিষয়টি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ার। দল ও সরকারের বৃহত্তর স্বার্থে তিনি যখন যাকে যেখানে প্রয়োজন মনে করবেন, সেখানেই দায়িত্ব দেবেন।’

নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ‌১১ মে ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button