জাতীয়

বঙ্গবন্ধুর জন্মক্ষণে সারা দেশে চলবে একযোগে আতশবাজি উৎসব: কাদের

মুজিববর্ষের উদ্বোধনী কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মক্ষণ রাত ৮টায় সারা দেশে একযোগে আতশবাজি উৎসব করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১০ মার্চ) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মুজিববর্ষের উদ্বোধনী কর্মসূচির বিষয়টি জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন হবে। সেদিন সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হবে। দলীয় ও জাতীয় পতাকা ওড়ানো হবে। দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। গরিব ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে। দেশের সব গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে।’

তিনি আরও বলেন, ‘১৭ মার্চ রাত ৮টায় বঙ্গবন্ধুর জন্মক্ষণে একযোগে সারা দেশে আতশবাজি ফোটানো হবে। এছাড়া পুরো মুজিববর্ষে দলের পক্ষে বৃক্ষরোপণ এবং গৃহহীনদের ঘর দেয়া হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দফতর সম্পাদক সায়েম খান, সদস্য খ ম জাহাঙ্গীর হোসাইন, পারভীন জামান কল্পনাসহ অনেকে।

Related Articles

Leave a Reply

Back to top button