Leadইকোবিজবাংলাদেশ

জিডিপিতে ভারতকে টপকে যাচ্ছে বাংলাদেশ

★ আইএমএফ-এর পূর্বাভাস

➤ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের অর্থনীতি নিয়ে একটি চাঞ্চল্যকর পূর্বাভাস দেওয়া হয়েছে।

আইএমএফের প্রাক্কলন অনুযায়ী, ২০২৬ সালে মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ। তবে এই পূর্বাভাসকে ঘিরে দেশের শীর্ষ অর্থনীতিবিদদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলছেন, স্রেফ পরিসংখ্যানগত এই সাফল্যে আত্মতুষ্টির চেয়েও বেশি গুরুত্ব দেওয়া উচিত অর্থনীতির বিদ্যমান সংকট নিরসনে।

আইএমএফ সাধারণত বছরে দুইবার বৈশ্বিক অর্থনীতির স্বল্প ও মধ্যমেয়াদী বিশ্লেষণমূলক এই প্রতিবেদন প্রকাশ করে। গত ১৪ই এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ২০২৬ সাল শেষে বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২,৯১১ মার্কিন ডলারে। অন্যদিকে, একই সময়ে ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ২,৮১২ মার্কিন ডলার।

➤➤ একবার জ্বালানিতেই ১৮ মাস, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ৬০ বছর

যদিও মোট অর্থনীতির আয়তনে ভারত বাংলাদেশের তুলনায় অনেক বড়। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, ভারতের জিডিপি ছিল ৩,৯১৬ বিলিয়ন ডলার, যেখানে বাংলাদেশের জিডিপি ছিল মাত্র ৪৫৮ বিলিয়ন ডলার।

কিন্তু মাথাপিছু জিডিপি যেহেতু মোট উৎপাদনকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে নির্ণয় করা হয়, তাই কম জনসংখ্যা বৃদ্ধির হার ও ধারাবাহিক রপ্তানি আয়ের কারণে বাংলাদেশ এই সূচকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে।

অর্থনীতিবিদদের মতে, মাথাপিছু জিডিপির এই হ্রাস-বৃদ্ধি সবসময় অর্থনীতির প্রকৃত সক্ষমতা নির্দেশ করে না। বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন জানান, এই হিসাবের পেছনে বড় ভূমিকা রাখে আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার।

তিনি বলেন, “যেহেতু দেশীয় মুদ্রার বিনিময় হার দিয়ে জিডিপিকে ভাগ দেওয়া হয়, তাই কোনো দেশের মুদ্রার মান ডলারের বিপরীতে অবমূল্যায়িত বা ডিপ্রেশিয়েট করলে ডলারে তার জিডিপি কমে যায়। এটিই অন্যতম কারণ হতে পারে।”

সহজ কথায়, ভারতের রুপির তুলনায় বাংলাদেশের টাকার বিনিময় হার যদি স্থিতিশীল থাকে বা রুপির মান বেশি পড়ে যায়, তবে ডলারে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ভারতের চেয়ে বেশি দেখাবে।

আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে ভারত পুনরায় বাংলাদেশকে ছাড়িয়ে যেতে পারে এবং এই ঊর্ধ্বমুখী ধারা ২০৩১ সাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

➤➤ বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

জিডিপি মূলত একটি নির্দিষ্ট সময়ে দেশের ভেতরে উৎপাদিত পণ্য ও সেবার মোট বাজারমূল্য। এটি নির্ণয়ের পদ্ধতি নিয়ে খোদ অর্থনীতিবিদদের মধ্যেই প্রশ্ন রয়েছে। সানেমের নির্বাহী পরিচালক এবং অর্থনীতিবিদ ডক্টর সেলিম রায়হান মনে করেন, জিডিপিতে এগিয়ে থাকা খুব একটা স্বস্তির বার্তা দেয় না।

তিনি বলেন, “আমাদের অর্থনীতির প্রবৃদ্ধি এখন নিম্নমুখী, বিনিয়োগে স্থবিরতা আছে। তার ওপর মধ্যপ্রাচ্যের সংকট ও মূল্যস্ফীতির ধাক্কা লেগেছে ভালোমতোই। এই অবস্থায় জিডিপির পূর্বাভাস দেখে আত্মসন্তুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই।”

অর্থনীতিবিদরা মনে করিয়ে দিচ্ছেন যে, মাথাপিছু জিডিপি বাড়ার অর্থ এই নয় যে দেশের মানুষের জীবনযাত্রার মান রাতারাতি উন্নত হয়ে যাবে। যদি প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে সমানভাবে না পৌঁছায়, তবে বৈষম্য বাড়ার ঝুঁকি থেকেই যায়।

আইএমএফের এই পূর্বাভাস অনেকগুলো ‘যদি’ এবং ‘কিন্তু’র ওপর নির্ভরশীল। বর্তমানে বিশ্বজুড়ে যে ভূ-রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, তা যেকোনো দেশের প্রবৃদ্ধির হিসাব পাল্টে দিতে পারে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক সরবরাহ চেইন ব্যাহত হলে বাংলাদেশের মতো আমদানিনির্ভর অর্থনীতির দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।

তাছাড়া, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছিল ২,৬২৫ ডলার। বৈশ্বিক মানদণ্ডে উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর গড় মাথাপিছু জিডিপি যেখানে প্রায় ৭,৫০০ ডলার, সেখানে বাংলাদেশ ও ভারত উভয় দেশই এখনো অনেক পিছিয়ে।

➤➤ দেশি-বিদেশি বাধা টপকে যেভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা নিঃসন্দেহে একটি ইতিবাচক পরিসংখ্যান। দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্যই একে সম্ভব করেছে।

তবে অর্থনীতিবিদদের মতে, এই সাফল্যকে টেকসই করতে হলে বিনিময় হারের স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং প্রবৃদ্ধির সুষম বণ্টন নিশ্চিত করা জরুরি। অন্যথায়, স্রেফ খাতা-কলমের এই হিসাব সাধারণ মানুষের ডাল-ভাতের সংস্থানে খুব একটা প্রভাব ফেলবে না।

নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ‌২৮ এপ্রিল ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button