সামনের কয়েকদিনই ‘সত্যিকার পরীক্ষা’: হাসপাতাল থেকে ভিডিও বার্তায় ট্রাম্প

করোনা ভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াল্টার রিড ন্যালশনাল মেডিকেল সেন্টারে ভর্তি রয়েছেন। সেখান থেকেই এক ভিডিও বার্তায় বলেছেন, তিনি বর্তমানে ‘অনেকটা ভালো বোধ’ করছেন, তবে তার কোভিড-১৯ চিকিৎসার ‘সত্যিকার পরীক্ষা’ হবে আগামী কয়েক দিনে।
বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পের শারীরিক পরিস্থিতি নিয়ে শনিবার হোয়াইট হাউস থেকে পরস্পরবিরোধী বিভিন্ন বার্তা আসার পর তিনি নিজেই ভিডিও বার্তায় নিজের অবস্থার কথা জানালেন। টুইটারে প্রকাশ করা চার মিনিটের ওই ভিডিওতে ট্রাম্পকে নীল রঙের একটি জ্যাকেট ও একটি সাদা শার্ট পরা অবস্থায় দেখা যায়। এ সময় তাকে কিছুটা ক্লান্তও দেখাচ্ছিল।
প্রকাশিত ওই ভিডিওতে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা পেছনে রেখে গোল একটি টেবিল সামনে নিয়ে বসা ট্রাম্প বলেন, “যখন শুক্রবার প্রথম ওয়ালটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে আসেন, তখন ‘তেমন ভালো বোধ করছিলেন না’, তবে এখন ‘অনেকটা ভালো বোধ’ করছেন। আমার ধারণা আগামী কয়েক দিনে সত্যিকার পরীক্ষাটি হবে, তাই আগামী কয়েক দিনে কী ঘটে তা দেখব আমরা।”
বৃহস্পতিবার রাতে ট্রাম্পের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ আসার পর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে নাগরিকদের মধ্যে। কিন্তু প্রশাসনের কর্মকর্তারা প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন রকম তথ্য প্রকাশ করায় তিনি ঠিক কতোটা অসুস্থ তা নিয়ে অস্পষ্টতা তৈরি হচ্ছিল। পরে ট্রাম্প নিজেই ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা জানালেন।
হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলি শনিবার হাসপাতালের বাইরে সাংবাদিকদের বলেন, ট্রাম্পের শ্বাসকষ্ট দেখা দেয়নি এবং তাকে অক্সিজেন দেওয়া লাগছে না। তিনি আরও বলেন, প্রেসিডেন্টের শারীরিক অবস্থার যে অগ্রগতি হয়েছে তাতে মেডিকেল টিম ও আমি খুবই খুশি। ট্রাম্প তাদের বলেছেন যে, “আজকেই এখান থেকে বেরিয়ে যেতে পারব বলে আমার মনে হচ্ছে।” তবে ট্রাম্প কবে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন, সে সম্পর্কে কিছু বলেননি কনলি।
এর কয়েক মিনিটের মধ্যে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মেডৌস বলেন, করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের গত ২৪ ঘণ্টায় দেখা দেওয়া বেশ কিছু উপসর্গ ‘খুব উদ্বেগজনক’। প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে অবগত একজন একথা জানিয়ে বলেছেন, ট্রাম্প এখনও কোভিড-১৯ থেকে সেরে ওঠার পর্যায়ে আসেননি।



