সরকার বিরাজনীতিকরণে বিশ্বাসী নয়: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার বিরাজনীতিকরণে বিশ্বাসী নয় ।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর উদ্যোগে গাবতলী ট্রেনিং সেন্টার উদ্বোধন শেষে এসব কথা বলেন।
তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে বিরোধীদলগুলোর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে সরকার।
বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু নির্বাচনী প্রক্রিয়াকে ভয় পায়। নির্বাচনে অংশ নেয়ার আগেই তারা হেরে যায়। তাদের রাজনৈতিক আত্মবিশ্বাস এখন তলানিতে ঠেকেছে। বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের উপর দোষ চাপাচ্ছে।
‘সরকার বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়’, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামরের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকার নয়, বিএনপি নিজেদের অপরাজনীতির জন্যই দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।
তিনি আরো বলেন, বিরোধী দলের কী ভূমিকা তা জানতে আওয়ামী লীগের অতীত ভূমিকা দেখুন। তখন নিজেদের ব্যর্থতা চিহ্নিত করতে সহজ হবে।
দেশে নারী গাড়ীচালকের চাহিদা দিন দিন বড়ছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বিআরটিসির মহিলা বাস সার্ভিস, স্কুল বাস সার্ভিসে শতভাগ নারী চালক ও সহকারীদের সম্পৃক্ত করা জরুরী।
সেবার মান, দক্ষতা ও ব্যবস্থাপনা উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সেবায় প্রযুক্তির ব্যবহার বাড়ালে এবং স্বচ্ছতা নিশ্চিত করা গেলে বিআরটিসিকে লাভজনক করা সম্ভব বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।


