ভূরাজনীতি

সংকট দেশে নয়, বিএনপির রাজনীতিতে: কাদের

দেশে এই মুহূর্তে কোনও রাজনৈতিক সংকট নেই বলে জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সংকট চলছে বিএনপির রাজনীতিতে।

বুধবার (০৪ নভেম্বর) সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির দলীয় নেতৃত্বের মধ্যেও এখন পারস্পরিক আস্থার সংকট চরমে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জনক বিএনপি। বিএনপি কথায় কথায় গণতন্ত্রের কথা বলে, তারা কোন গণতন্ত্রের কথা বলছে? তাদের ভাষায়- গণতন্ত্র হলো হালুয়া-রুটির গণতন্ত্র।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিএনপির নেতাদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের যে অবিরাম যাত্রা তাতে তারা কী ভূমিকা রাখছে, তা জনগণ জানতে চায়। বিএনপির অবিরাম অগণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হঠানোর যে ঘোষণা, তা কি তাদের গণতন্ত্র?’

নেতিবাচকতা, মিথ্যাচার আর ষড়যন্ত্র ছাড়া গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষায় বিএনপি কি করেছে- এসময় তাও জানতে চান।

তিনি বলেন, ‘বিএনপি এখন জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়ে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচারের কথা বলছে। এসব কিছু তাদের শাসনামলে ভূলণ্ঠিত হয়েছিল। তারা সংবিধান থেকে গণতন্ত্র এবং গণতান্ত্রিক মূল্যবোধের মূলোৎপাটন করেছিলো।’

আসন্ন শীতে করোনা সংক্রমণের দ্বিতীয় তরঙ্গের বিষয়ে বিশেষজ্ঞগণের সতর্কের প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যেই ইউরোপের কয়েকটি দেশে সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন আরোপ করা হয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশেও করোনায় আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বেড়ে চলছে, এমতাবস্থায় যে কোনও আশংকা থেকে মুক্ত থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনও বিকল্প নেই।’

ওবায়দুল কাদের উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘সম্প্রতি ধর্মীয় ইস্যুসহ নানান ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মতলবি মহল উদ্দেশ্যমূলক গুজব ছড়াচ্ছে, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে চালাচ্ছে অপপ্রচার। এসব মিথ্যা প্রচারণা নিঃসন্দেহে শাস্তিমূলক অপরাধ।’

তিনি হুঁশিয়ার করে বলেন, ‘আমাদের সবার প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, হতে হবে পরধর্ম সহিষ্ণু, কেউ কারও ধর্ম বিশ্বাসে আঘাত বা কটাক্ষ করে পোস্ট দেয়া প্রত্যাশিত নয়। উস্কানিমূলক পোস্ট শাস্তিযোগ্য অপরাধ। কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। উস্কানিমূলক কিছু নজরে এলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে দিতে হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Related Articles

Leave a Reply

Back to top button