পীর হাবিবুর রহমানের বাসায় হামলায় জড়িত আসামি সাব্বির রিমান্ডে

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের উত্তরার অ্যাপার্টমেন্টে, গুজব ছড়িয়ে হামলা, তাণ্ডব ও ব্যাপক ভাঙচুর এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটানো মামলার অন্যতম আসামি সাব্বির আহম্মেদকে দুই দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
৩ নভেম্বর, মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মো. হাবিবুর রহমান চৌধুরী রিমান্ডের এ আদেশ দেন।
এ বিষয়ে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. জালাল উদ্দিন সাংবাদিকদের জানান, আসামিকে গ্রেফতারের পর আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ সময় আসামির আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক দুই দিন রিামান্ডের আদেশ দেন।
রিমান্ড আবেদনে বলা হয়, এ আসামি পূর্বপরিকল্পনা অনুযায়ী উদ্দেশ্যমূলকভাবে ফেসবুকে মিথ্যা, বানোয়াট তথ্য প্রচার করে সাংবাদিক পীর হাবিবুর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে বিক্ষুব্ধ জনতা পীর হাবিবুর রহমানের বাসায় হামলা করে প্রধান ফটকসহ দরজা-জানালা ভাঙচুর করে। এ ছাড়া তার ফ্ল্যাটে প্রবেশ করে ঘরের আসবাবপত্র নষ্ট করে।
মামলা সূত্রে জানা গেছে, আসামি সাব্বির আহম্মেদ হামলার দিন সন্ধ্যায় ঘটনাস্থলে দাঁড়িয়ে নিজেকে অবৈধ অনলাইন ‘নান্দনিক বার্তা’র রিপোর্টার পরিচয়ে মোবাইলে লাইভ প্রচার করেন পীর হাবিবুর রহমানের গৃহকর্মীকে হত্যা করে গুম করা হয়েছে বলে জনগণ বলাবলি করছে। তার এ মিথ্যা গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হামলা ও বিশৃঙ্খলার সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। এর ফলে এলাকার বিক্ষুব্ধ জনগণ রাজধানীর উত্তরার বাসায় হামলা করে ভাঙচুর চালায়। আসামি সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ ছাড়া সমাজের মানুষের কাছে শত্রুতা, ঘৃণা সৃষ্টি এবং গুজব রটানোর উদ্দেশে এ সংবাদ বা বক্তব্য উদ্দেশ্যমূলকভাবে প্রচার করেছেন। বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটালে আসামি ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ও ৩১-এর (২) ধারায় অপরাধ করেছেন।
মঙ্গলবার ভোররাতে আসামি সাব্বিরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।


