বন্যা মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা মোকাবিলায় সবকিছু নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
সোমবার (৬ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদের বৈঠকে অনির্ধারিত আলোচনায় সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশনা দেন তিনি। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যোগ দেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান, বন্যায় পানির উচ্চতা বিভিন্ন জায়গায় বেড়েছে। বিশেষ করে যমুনা ও পদ্মার অববাহিকায় পানি বেড়ে যাচ্ছে। বিষয়টি বিবেচনায় নিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে নিশ্চিত করেছেন তাদের কী কী প্রোগ্রাম আছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যে কোনও পরিস্থিতিতে বন্যা মোকাবিলায় জনগণের পাশে থাকতে যা প্রয়োজন, তা যেন আগে থেকেই প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সভায় প্রধানমন্ত্রী কৃষিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন, যে এলাকায় পানির বেশি ইফেক্ট হয় বিশেষ করে গোয়ালন্দের পরে যমুনা ও পদ্মা এক সঙ্গে হয়েছে, এর ডাউনে একটু ইফেক্ট বেশি হয়। এজন্য এসব এলাকায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এছাড়া বন্যার পানিতে আমন চাষে যদি কোনও অসুবিধা হয়, তাহলে ‘টি-আমন জালা’ প্রস্তুত রাখতে বলেছেন প্রধানমন্ত্রী।



