করোনা মোকাবিলায় ধনীদের ওপর কর বসাচ্ছে আর্জেন্টিনা

করোনায় বিপর্যস্ত অর্থনীতি সামাল দিতে আর্জেন্টিনা সরকার চিকিৎসা ও ত্রাণের জন্য অর্থ সংগ্রহে দেশটির ধনী ব্যক্তিদের জন্য নতুন কর আইন পাস করেছে।
শুক্রবার ৪২-২৬ ভোটে ‘মিলিয়নিয়ার ট্যাক্স’ নামের আইনটি পাস করেছেন দেশটির সিনেটররা।
যাদের সম্পদের মূল্য ২০ কোটি পেসোর (২০ কোটি ৭০ লাখ টাকা প্রায়) বেশি হবে, এর আওতায় তাদের কর দিতে হবে। দেশটিতে ২০ কোটি পেসোর বেশি সম্পদ রয়েছে—এমন মানুষের সংখ্যা ১২ হাজারের বেশি।
আর এ কর সংগ্রহের পর সে অর্থের ২০ শতাংশ চিকিৎসা সরঞ্জাম কেনা, ২০ শতাংশ ছোট ও মাঝারি ব্যবসাগুলোর জন্য ত্রাণ, ২০ শতাংশ শিক্ষার্থীদের জন্য বৃত্তি, ১৫ শতাংশ সামাজিক উন্নয়ন ও বাকি ২৫ শতাংশ প্রাকৃতিক গ্যাসের উদ্যোগে খরচ করা হবে।
এদিকে, দেশটির বিরোধী দলগুলো বলছে, অতিরিক্ত কর আদায় করলে বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হবে। কারণ, এ কর এককালীন নয়।
করোনায় কঠিন বিপর্যয়ের মুখে পড়া দেশগুলোর মধ্যে অন্যতম আর্জেন্টিনা। মাত্র সাড়ে চার কোটি জনসংখ্যার দেশ হলেও গত অক্টোবর মাসে বিশ্বের পঞ্চম দেশ হিসেবে ১০ লাখ করোনা শনাক্তের রেকর্ড হয় আর্জেন্টিনায়। ইতিমধ্যে আর্জেন্টিনায় করোনা শনাক্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। দেশটিতে করোনায় প্রায় ৪০ হাজার মানুষ মারা গেছেন।
আর্জেন্টিনায় লকডাউন পরিস্থিতির কারণে অর্থনীতিও বিপর্যস্ত হয়ে পড়েছে। ২০১৮ সাল থেকে দেশটিতে মন্দা চলছে।



