অর্থনৈতিক ‘সক্ষমতা দেখেও’ মিথ্যাচার করছে বিএনপি: কাদের

বিএনপি নেতারা শুধু মিথ্যাচার করতে জানেন বলে জানালেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকারের অর্থনৈতিক সক্ষমতা দেখেও বিএনপি নেতারা বলছেন, সরকার অর্থনীতি ধ্বংস করছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) তিনি তার সরকারি বাসা থেকে নিয়মিত ব্রিফিংকালে ‘সরকার অর্থনীতি ধ্বংস করছে’- বিএনপির এমন বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘করোনায় বিশ্ব অর্থনীতির স্থবিরতার মাঝেও অতি সম্প্রতি রেমিটেন্স প্রবাহ, রফতানি বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড গড়েছে বাংলাদেশ। দেশের অর্থনীতি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এখন শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত।
তিনি বলেন, ‘মাথাপিছু আয় বর্তমানে ২ হাজার ৬৪ ডলার। অর্থনীতি এবং সামাজিক উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য বিএনপি দেখতে পায় না। মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান বৃদ্ধি, আমদানি নির্ভরতার বিপরীতে রফতানি বৃদ্ধি, বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি, খাদ্যনিরাপত্তা, শিল্পের বিকাশসহ প্রতিটি সূচকে ইতিবাচক অর্জনে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ আজ শক্তিশালী অবস্থানে।’
পাকিস্তানের চেয়ে আর্থসামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে রয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘পাকিস্তান তাদের পার্লামেন্টে বাংলাদেশের প্রশংসা করেছে। যারা এদেশের মুক্তির পথে বাধা ছিল তারাও যখন বাংলাদেশের অর্থনীতি ও সমৃদ্ধির অগ্রযাত্রায় প্রশংসায় পঞ্চমুখ তখনও বিএনপি অর্থনৈতিক ভঙ্গুরতা দেখে। তখনও বিএনপি ইতিবাচক কিছু দেখে না। তাদের রাজনীতি এখনও নেতিবাচকতার আবর্তে ঘুরপাক খাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘মির্জা ফখরুল সাহেবকে বলতে চাই, এদেশের রাজনীতিতে অশান্তির বিষবাষ্প আপনারাই ছড়িয়েছেন। সন্ত্রাস-ষড়যন্ত্র আর হত্যার রাজনীতির প্যাটেন্ট আপনাদেরই।’
মির্জা ফখরুলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘শেখ হাসিনা বিভেদের রাজনীতিতে বিশ্বাসী নয়, আপনারাই বিভেদের রাজনীতির ধারক ও বাহক। সম্প্রীতির বাংলাদেশের মূলে আপনারাই বারবার কুঠারাঘাত করেছেন। সরকারের সমালোচনা করতে গিয়ে দেশকে ছোট করছেন। নেতিবাচক রাজনীতি ও মিথ্যাচার আপনাদের আগের চেয়েও জনবিচ্ছিন্ন করে তুলছে এবং এভাবে চলতে থাকলে আপনারা ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন।’
মহামারি করোনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘করোনার সংক্রমণ দেশজুড়ে কমে এসেছে, এ কথা এখনো বলা যাচ্ছে না স্পষ্ট করে। এর মাঝে গতকাল গবেষকরা জানিয়েছেন বাংলাদেশে এ ভাইরাস দ্রুতগতিতে রূপ পরিবর্তন করছে। বিশ্বে রূপান্তরের হার প্রায় ৭ শতাংশ হলেও বাংলাদেশে এ হার প্রায় ১৩%। এছাড়া অনেক দেশে করোনার সংক্রমণে সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। আমি দেশবাসীকে সংক্রমণের বর্তমান পর্যায়ে নিয়ন্ত্রিত অবস্থা দেখে আত্মতুষ্টিতে ভোগা বা অবহেলা না করার অনুরোধ করছি।’
তিনি বলেন, ‘যেকোনও সময়ে সংক্রমণ প্রাণঘাতী রূপ নিতে পারে।’ তাই সকলকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।



