বাংলাদেশ

সিনহা হত্যার তদন্ত প্রতিবেদন বিশ্লেষণ করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ড নিয়ে, প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত প্রতিবেদন বিশ্লেষণ করে ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কমিটি পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট আমাদের কাছে জমা দিয়ে তাদের কার্য শেষ হয়েছে জানিয়ে যাবেন। পরবর্তী সময়ে আমাদের সচিব মহোদয় এগুলো বিশ্লেষণ করে যেখানে যেটা প্রয়োজন সেই অনুযায়ী কাজ করবেন।’

তিনি বলেন, ‘এটার পুলিশি তদন্ত চলছে, আদালতের নির্দেশনা অনুযায়ী। সেই কারণে আমরা প্রকাশ্যে কিছু জানাতে পারবো না। আমরা আদালতকে এটার সম্বন্ধে জানিয়ে দেব, আদালত মনে করলে এটাকে আমাদের কাছ থেকে অফিসিয়ালি নিয়ে যাবেন- এটাই হয়ে থাকে।’

আসাদুজ্জামান খান বলেন, ‘আদালত তদন্তের জন্য হয়তো এটা নিয়েও নিতে পারেন। আমরা এ সম্পর্কে কিছু জানি না, এটা আদালতের এখতিয়ার। যাদের নামে রিপোর্ট আসবে, পরবর্তীতে করণীয় কী আপনাদের জানাবো।’

এই হত্যা পরিকল্পিত কি-না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত রিপোর্ট আমার কাছে মাত্র এলো। এর ভেতর কী লেখা আছে, কী উল্লেখ আছে- আমরা তো জানি না কিছু। আমরা বের করে নেই, এগুলো স্টাডি করি তারপর আপনাদের জানাতে পারবো।

এর আগে বেলা সাড়ে ১১টায় প্রতিবেদন জমা দিতে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান কমিটির প্রধান।

গত ৩১ জুলাই রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।

এ ঘটনা প্রকাশের পর দেশজুড়ে নিন্দার ঝড় উঠলে ঘটনার উৎস, কারণ ও ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে সুপারিশ দিতে ২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি চার সদস্যের কমিটি গঠন করে।

Related Articles

Leave a Reply

Back to top button