আধুনিক জ্ঞানসম্পন্ন সশস্ত্র বাহিনী গড়তে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা আধুনিক জ্ঞানসম্পন্ন একটা সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই, সে অনুযায়ী সব ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
সোমবার (৭ সেপ্টেম্বর) সশস্ত্র বাহিনী পর্ষদ, ২০২০ এর প্রথম পর্বের বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ারি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে আমরা দেশটাকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সেদিকে লক্ষ্য রেখে আমরা নীতিমালা নিয়েছি।’
তিনি ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে উপযুক্ত কর্মকর্তারা যাতে প্রমোশন পায় সেটি নিশ্চিত করার কথা জানান।
তিনি আরও বলেন,ন্যায়নীতি ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে প্রমোশন দেবেন, যাতে সবার ভেতরে একটা আস্থা আসে। সত্যিকার উপযুক্তদের প্রমোশন দিতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘বর্তমানে যেমন সশস্ত্র বাহিনীর অফিসারদের পদোন্নতির জন্য আধুনিক পদ্ধতি অর্থাৎ ট্রেস ট্যাবুলেটেড রেকর্ড অ্যান্ড কমপারেটিভ ইভালুয়েশনের মাধ্যমে আপনারা কারা প্রমোশন পাওয়ার উপযুক্ত, সেই দক্ষতা কার কতটুকু আছে তার তুলনামূলক মূল্যায়ন করে সিদ্ধান্ত নেন।’
তিনি বলেন, ‘সেইসঙ্গে একটুকুও দেখতে হবে, শুধু খাতা কলমে বেশি নম্বর না, যারা ফিল্ডে ভালো কাজ করতে পারে, কমান্ড করতে পারে বা নেতৃত্ব দেয়ার যোগ্যতা আছে কিনা বা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়ার মতো ক্ষমতা আছে কিনা সেগুলো আপনাদের বিচারে আনতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরাই যেন দায়িত্ব পায়, যাতে সঠিক পথে বাংলাদেশকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারে।’



