বাংলাদেশ

রাজধানীর সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে এমন তথ্য দিয়ে একটি পোস্ট করেন প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ তার পোস্টে বলেন, ঢাকা ও আশপাশের অঞ্চলে দ্রুত বিদ্যুৎ রিস্টোর করা হচ্ছে। ইতোমধ্যে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জে বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে। ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের আংশিক এলাকায় সরবরাহ চালু করা হয়েছে।

তিনি বলেন, ঢাকায় লোড বেশি। এ করণে সব লাইন সচল করতে কিছুটা দেরি হতে পারে।

এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে মানুষের অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এর আগে, জাতীয় গ্রিডের সঞ্চালন লাইন বিভ্রাটের পর ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে এ বিপর্যয় ঘটে। এরপর থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেটের অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। সচিবালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও বিদ্যুৎ ছাড়া কার্যক্রমে ব্যাঘাত ঘটে।

সন্ধ্যা পৌনে ৬টার দিকে সচিবালয়ের গেট, চারপাশ ও সচিবালয় চত্বরের বিদ্যুৎ সংযোগ সচল করা হয়। ওই সময় বিদ্যুৎ আসে বিদ্যুৎ ভবনেও। তখনও সচিবালয়ের ভবনগুলো ছিল বিদ্যুৎবিচ্ছিন্ন। সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে সচিবালয়ের ভবনগুলোতেও বিদ্যুৎ সরবরাহ করা হয়।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) মুখপাত্র বজিউজ্জামান সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Back to top button