সিনহা হত্যা মামলায় দ্বিতীয় দফায় সাক্ষ্য শুরু আজ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় দ্বিতীয় দফা সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল হোসেনের আদালতে আজ রবিবার সকাল সোয়া ১০টায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলির (পিপি) ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
সকাল ৯টা ৪০ মিনিটে মামলার ১৫ আসামিকেই কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরা হলেন— বাহারছড়া পুলিশ ফাঁড়ির সাবেক পরিদর্শক লিয়াকত আলী, টেকনাফ থানার সাবেক সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, তার দেহরক্ষী কনস্টেবল রুবেল শর্মা, টেকনাফ থানার আওতাধীন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিত, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন মিয়া, কনস্টেবল সাগর দেব, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান, কনস্টেবল মো. রাজীব ও মো. আবদুল্লাহ, পুলিশের দায়ের করা মামলার সাক্ষী টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও আয়াজ উদ্দিন।
সিনহা হত্যা মামলার প্রথম ১৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য আদালত থেকে সমন দিয়েছিলেন আদালত। প্রথম দফায় প্রতিদিন পাঁচ জন করে তিন দিনে ১৫ জনের সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও মাত্র দুই জনের সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হয়েছে। এ মামলায় চার্জশিটভুক্ত সাক্ষী রয়েছেন ৮৩ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর এলাকায় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।



