Leadস্পোর্টেইনমেন্ট

‘অভিশপ্ত অতীত’ বৃত্ত ভাঙতে পারবে আর্জেন্টিনা?

◉ ২০২৬ বিশ্বকাপ ➤ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপ শুরু করা দলগুলোর অতীত ইতিহাস কিন্তু আর্জেন্টিনার জন্য শঙ্কারই কারণ!

➤➤ প্রীতি ম্যাচে স্পেনের ড্র, ফ্রান্সের হার এবং হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে আজেন্টিনার জয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে এসেছে অদলবদল। চূড়ায় উঠেছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপও তারা শুরু করবে শীর্ষে থেকে।

তবে, অদ্ভূত এক কারণে এতে মেসি-মার্তিনেসদের জন্য স্বস্তির চেয়ে যেন শঙ্কাই বেশি! ‘অভিশপ্ত এক অতীত’-এর মুখোমুখিই যে হতে হচ্ছে তাদের!

১৯৯২ সালে ফিফা র‌্যাঙ্কিং চালুর পর আজ অবদি কোনো দল শীর্ষে থেকে বিশ্বকাপে সাফল্যের চূড়ায় পা রাখতে পারেনি। এই অতীত এবার তাড়া করে ফিরবে মুকুট ধরে রাখতে উদগ্রীব আর্জেন্টিনাকে।

১৯৯৪ বিশ্বকাপে শীর্ষে থাকার এই ‘শাপ’ প্রথম তাড়া করেছিল জার্মানিকে, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আসরেই। নেদারল্যান্ডস ও ব্রাজিলকে পেছনে ফেলে সবার উপরে থেকে বিশ্বকাপ শুরু করেছিল জার্মানরা। পরিণতি? বুলগেরিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে হেরে বিদায়। সেবার মার্কিন মল্লুকে বিজয় কেতন উড়েছিল ব্রাজিলের।

◉ বিশ্বকাপ ট্রফির রূপ বদলের গল্প

১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে একইরকম পরিণতি হয় ব্রাজিলের। শীর্ষে থেকে বিশ্বকাপ শুরু করা রোনালদো-কাফুরা যদিও উঠেছিল ফাইনালে, কিন্তু জিদান-দেশমদের বিপক্ষে ৩-০ গোলে হেরে গুঁড়িয়ে গিয়েছিল শিরোপা ধরে রাখার স্বপ্ন।

চার বছর পর, তেতো অভিজ্ঞতা হয়েছিল ফ্রান্সের। বিশ্বকাপ ও ২০০২ ইউরোর চ্যাম্পিয়ন হয়ে ‘লা ব্লুজ’রা পা রেখেছিল কোরিয়া-জাপানের আসরে। কিন্তু পার হতে পারেনি গ্রুপ পর্বের বৈতরণীই! সেবার ব্রাজিল শিরোপা জিতেছিল ফাইনালে জার্মানিকে হারিয়ে।

২০০৬ বিশ্বকাপে ব্রাজিল ছিল ফেভারিট দলগুলোর একটি, র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল। কিন্তু কোয়ার্টার-ফাইনালে জিদান-অঁরিদের নৈপুণ্যের কাছে হার মেনে ব্রাজিলের বিদায় ঘণ্টা বাজে কোয়ার্টার-ফাইনালে। সেবার ফাইনালে জার্মানিকে হারিয়ে বাজিমাত করেছিল ইতালি।

২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও ব্রাজিল নোঙর ফেলেছিল র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে। কিন্তু নেদারল্যান্ডসের কাছে হেরে কোয়ার্টার-ফাইনালে থেমে যায় তাদের পথচলা। সেবার ফাইনালে ডাচদের ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের প্রথম ট্রফি জিতেছিল স্পেন।

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে ফেভারিট দলগুলোর একটি ছিল স্পেন, কিন্তু চার বছর আগের দাপটের ছিটেফোঁটাও তারা মেলে ধরতে পারেনি লাতিন আমেরিকার সবুজে। গ্রুপ পর্বেই আটকে যায় স্প্যানিশরা।

➤➤ ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা

একই দূর্ভাগ্য জার্মানিকে বরণ করতে হয়েছিল, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে। লাতিন আমেরিকা জয় করে আসা জার্মানরা চার বছর পর প্রথম ধাপ থেকেই ছিটকে যায়। বিশ্বকাপে যা ছিল জার্মানির জন্য চরম হতাশার। সেবার, শিরোপা জিতেছিল ফ্রান্স।

২০২২ কাতার বিশ্বকাপে আরেকবার ব্রাজিলের পিছু নিয়েছিল সেই অতীত। ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে হেরে তাদের ‘হেক্সা’ জয়ের স্বপ্ন গিয়েছিল গুঁড়িয়ে। লুসাইলের রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

সাম্প্রতিক সময়ে টানা সাত জয়ের সুবাস মেখে, র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপ শুরু করবে আর্জেন্টিনা। প্রশ্নটা তাই উঠছে জোরেশোরেই, মেসি-মার্তিনেসরা কি পারবেন ‘অভিশপ্ত অতীত’-এর বৃত্ত ভেঙে নতুন গল্প লিখতে?

নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ‌১০ জুন ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button