কাবুল সরকারের পতন: দেশ ছাড়লেন আফগান প্রেসিডেন্ট

আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি, তালেবানের সশস্ত্র অভিযানের মুখে দেশ ছাড়লেন।
রোববার ১৫ আগস্ট, তিনি আফগানিস্তান ছেড়ে প্রতিবেশী দেশ তাজিকিস্তানের উদ্দেশে রওয়ানা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। খবর রয়টার্সের।
খবরে বলা হয়েছে, আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি তাজিকিস্তানে চলে গেছেন।
এর আগে, রোববার সকালে কাবুলে প্রবেশ করা তালেবানের এক প্রতিনিধি জানিয়েছিলেন, তারা আফগান প্রেসিডেন্টকে খুঁজছেন।
তালেবানের সশস্ত্র অভিযানের মুখে আশরাফ গানি দেশ ছেড়েছেন অথবা ছাড়তে পারেন বলে বেশ কিছু গণমাধ্যমে আগেই খবর ছড়িয়েছিল।
তবে রোববার বিকেলেও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছিল, আফগান প্রেসিডেন্ট কাবুলেই রয়েছেন। সস্ত্রীক প্রেসিডেন্সিয়াল প্যালেসে সময় কাটাচ্ছেন তিনি।
গত কয়েকদিনে একের পর এক শহর তালেবানের দখলে চলে গেলেও এ নিয়ে মুখ খুলতে দেখা যায়নি আশরাফ গানি বা তার সরকারের কোনো শীর্ষ কর্মকর্তাকে।
অবশেষে শনিবার বিকেলে জনতার উদ্দেশে ভাষণ দেন আফগান প্রেসিডেন্ট। পূর্বে রেকর্ড করা এক ভিডিওবার্তায় তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে অবশেষে পালিয়েই গেলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি।



