অন্য খবর

কবরীর বিদায়ে শোকস্তব্ধ তারকারা

না ফেরার দেশে চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’ কবরী। কবরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চলচ্চিত্রের নবীন-প্রবীণ শিল্পীরা শোকস্তব্ধ হয়ে পড়েন।

তার এভাবে চলে যাওয়া যেন কেউই মেনে নিতে পারছেন না। অনেকে বরেণ্য এই অভিনেত্রীকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে শোক প্রকাশ করেছেন। তার স্মৃতি মনে করে অনেকে আবেগি হয়ে পড়েছেন।

চিত্রনায়ক শাকিব খান ফেসবুকে কবরীকে স্মরণ করে লেখেন, ‘‘কিংবদন্তি এই মানুষটির সঙ্গে আমার অসংখ্য স্মৃতি। যখনই দেখা হতো আমাকে স্নেহ করতেন। তার সময়কার বিভিন্ন স্মৃতি শেয়ার করতেন। কবরী আপার মৃত্যুতে প্রিয় অভিনেত্রী হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি।’’

কণ্ঠশিল্পী কনক চাঁপা লেখেন, ‘‘আসলেই আর পারছি না! কবরী আপা নেই। ঘণ্টা পাঁচেক আগে দোয়া চেয়ে স্ট্যাটাস দিলাম আর এখনই এটা শুনলাম! এভাবেই আমরা একে একে হারাবো আমাদের প্রিয়জনকে! আবারও বলি আমরা অবশ্যই জানি আমরা একান্তই তোমার আল্লাহ এবং তোমার দিকেই প্রত্যাবর্তনকারী। তারপরও আমরা মানুষ। আপনজনকে ভালোবাসা আমাদের স্বভাবজাত স্বভাব। প্রিয়জন চলে গেলে পাঁজরটাই মনে হয় ভেঙে যায়।’’

শোক প্রকাশ করে অভিনেত্রী মাহিয়া মাহি লেখেন, ‘‘করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন আমাদের প্রিয় অভিনেত্রী ‘মিষ্টি মেয়ে’ সারাহ বেগম কবরী আপা।’’

অভিনেতা চঞ্চল চৌধুরী লেখেন, ‘‘কবরী আপা নেই! আমাদের স্বপ্নের নায়িকা, কোন অনুষ্ঠানে প্রথম দেখা হয়েছিল মনে নেই। শেষ যে বার দেখা হয়েছিল তাঁর সাথে, আবদার করেছিলাম একটা ছবি তোলারৃখুব স্পষ্ট মনে আছে, বলেছিলেন ‘চঞ্চল, আমি তোমার ‘মনপুরা’র ভক্ত’ ভালো থাকবেন কবরী আপা। কয়েক দিন ধরেই আপনার সাথে তোলা ছবিগুলো খুঁজছিলাম। এখন পেলাম, যখন আপনি অনেক দুরে।’’

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম লেখেন, ‘‘ওপারে আপনি ভালো থাকুন, বিদায় কিংবদন্তি।’’

চিত্রনায়ক সাইমন সাদিক লেখেন, ‘‘কবরী ম্যাডাম আর নেই। ১৭.৪.২০২১ তারিখ ১২টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিঊ। মহান আল্লাহ যেন উনাকে জান্নাত দান করেন।’’

অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ লেখেন, ‘‘বরেণ্য অভিনয়শিল্পী সারাহ বেগম কবরী আর নেই। তার আত্মার শান্তি কামনা করছি।’’

Related Articles

Leave a Reply

Back to top button