
এস এম শফি, ঢাকা: আজ ২৩ মে। বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় ও বহুল আলোচিত লোকসঙ্গীতশিল্পী প্রিন্স আলমগীরের ৫৭তম জন্মদিন। বাংলার মাটির গান ও লোকজ সুরকে যিনি দেশ ও দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিয়েছেন, সেই গুণী শিল্পীর জন্মদিনে আজ ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।
১৯৭০ সালের এই দিনে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন আমরাইল তেলিপাড়ার এক নিভৃত পল্লীতে, এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন প্রিন্স আলমগীর। ছোটবেলা থেকেই শিল্পের প্রতি ছিল তাঁর নাড়ির টান।
শৈশব থেকেই সংস্কৃতির নানা শাখায় তাঁর ছিল অবাধ বিচরণ। স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বরাবরই প্রথম স্থান অধিকার করে তিনি তাঁর প্রতিভার জানান দিয়েছিলেন।
➤➤ ইতু সোমের কণ্ঠে ‘দয়াল তোমার মনের ঘরে’
তারুণ্যের শুরুতেই একনিষ্ঠতা, একাগ্রতা, কঠোর সাধনা ও সঠিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তিনি নিজেকে একজন পরিপূর্ণ শিল্পী হিসেবে গড়ে তোলেন। বহুমুখী প্রতিভার অধিকারী প্রিন্স আলমগীর শুধু সঙ্গীতেই নয়; জাদুশিল্প ও কৌতুক অভিনয়েও বিশেষ পারদর্শিতা অর্জন করেছেন। নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছেন বেশ কয়েকটি বাংলা চলচ্চিত্রে অভিনয় করে।
তবে টেলিভিশন এবং মঞ্চে অসংখ্য অনুষ্ঠানে লোকসঙ্গীত পরিবেশন করেই তিনি মূলত সঙ্গীতপিপাসুদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। আবহমান বাংলার বাউল গান, মুর্শিদী, ভাওয়াইয়া ও পল্লীগীতিকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেলে সরাসরি (লাইভ) সঙ্গীতানুষ্ঠানে গান গেয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা ও পরিচিতি লাভ করেছেন। তাঁর দরাজ কণ্ঠের গায়কী শ্রোতাদের এক অন্যরকম মুগ্ধতায় আচ্ছন্ন করে রাখে।
শুধু দেশের মাটিতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে প্রিন্স আলমগীরের সরব পদচারণা। বাংলাদেশের লোকগানের প্রতিনিধিত্ব করতে তিনি ঘুরে বেড়িয়েছেন দেশ থেকে দেশান্তরে। জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, বাহরাইন, দুবাই, কাতার, জর্ডান, শ্রীলঙ্কা, ভারত এবং নেপালসহ বিশ্বের বহু দেশ ভ্রমণ করেছেন তিনি।
★★ ইতু সোমের নতুন গান ‘নয়ন জুড়াই’
বিদেশের মাটিতে সাংস্কৃতিক নৈপুণ্য পরিবেশনের মাধ্যমে প্রবাসী বাঙালি ও বিদেশি দর্শক-শ্রোতাদের কাছ থেকে তিনি কুড়িয়েছেন ভূয়সী প্রশংসা।
জানা গেছে, আজ তাঁর ৫৭তম জন্মদিন উদযাপন উপলক্ষে নিজ বাসভবনে পরিবার, স্বজন এবং ঘনিষ্ঠ ভক্তদের নিয়ে একটি ঘরোয়া ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জীবনের এই বিশেষ দিনে প্রিন্স আলমগীর দেশবাসী ও তাঁর অগণিত ভক্ত-শ্রোতাদের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন, যেন তিনি আরও দীর্ঘদিন তাঁর সুর ও সঙ্গীতের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকতে পারেন এবং বাংলা লোকগানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করতে পারেন।
নিউজ নাউ বাংলা/ এএসএস/ এফওয়াই/ জেডআরসি/ ২৩ মে ২০২৬



