Leadবাংলাদেশ

বাম জোটের ভরাডুবি, হারালেন জামানত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে একটি আসনেও জিততে পারেনি বামপন্থি দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। এমনকি প্রতিদ্বন্দ্বিতায়ও আসতে পারেনি কোনো আসনেই। একমাত্র বরিশাল-৫ আসনের বাসদ প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী বাদে আর কেউ জামানত রক্ষা করতে পারেননি।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেলে সেই প্রার্থীর জামানত রক্ষা হবে। অর্থাৎ মনীষা বাদে প্রত্যেক আসনে গৃহীত মোট ভোটের ৮ ভাগের এক ভাগও বাকিরা পাননি। সব মিলিয়ে নির্বাচনে বামপন্থি দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ভরাডুবি হয়েছে।

গত বছর ২৯ নভেম্বর বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ আয়োজিত জাতীয় কনভেনশন থেকে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট গঠন করা হয়েছিল। জোটে আরও কয়েকটি দল ও সংগঠনকে যুক্ত করা হয়।

জোটে শরিক দলগুলোর মধ্যে রয়েছে— বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (লেনিনবাদী), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও লেবার পার্টি।

এই জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে প্রার্থী দেয়। মোট ৯৭টি আসনে জোটের ঐক্যবদ্ধ প্রার্থী দেওয়া হয়েছিল। এর বাইরে জোট থেকে নিজস্বভাবেও দলগুলো প্রার্থী দিয়েছিল। সবমিলিয়ে এই জোটভুক্ত দলগুলোর প্রার্থী ছিল ১৪৭টি আসনে।

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন জোটের শরিক বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী মণীষা চক্রবর্তী। তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বরিশাল-৫ আসন থেকে। ভোট পেয়েছেন ২২ হাজার ৪৮৬টি।

বাসদের সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক ফ্রন্টের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, বিভিন্ন আসনে আমাদের জোটের অন্য প্রার্থীরা অল্প সংখ্যক ভোট পেয়েছেন। অনেকেই এক হাজারের নিচে ভোট পেয়েছেন। গৃহীত ভোটের শতকরা ৮ ভাগ ভোট যদি প্রয়োজন হয় তাহলে জামানত টিকবে। আর যদি গৃহীত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোটের প্রয়োজন হয় তাহলে জামানত টিকবে না।

নির্বাচনে জোটের শরিক দল বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান পঞ্চগড়-১ আসন থেকে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসন থেকে বিজয়ী হন। কিন্তু এবারের নির্বাচনে জামানত টিকিয়ে রাখতে পারেননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩ হাজার ১০ ভোট পেয়েছেন তিনি।

নির্বাচনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের অন্যতম শরিক সিপিবি থেকে মোট ৬৫টি আসনে প্রার্থী দেওয়া হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন খুলনা-১ আসনের প্রার্থী কিশোর রায়। তিনি ভোট পেয়েছেন ৪ হাজার ৮৪২টি। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন নেত্রকোণা-১ আসনের প্রার্থী আলকাছ উদ্দিন মীর। তিনি ভোট পেয়েছেন ৪ হাজার ৪২৯টি।

এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফী রতন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দুইজনই জামানত হারিয়েছেন। আবদুল্লাহ কাফী রতন প্রার্থী হয়েছিলেন কুমিল্লা-৫ আসন থেকে এবং কাজী সাজ্জাদ জহির চন্দন প্রার্থী হয়েছিলেন নরসিংদী-৪ আসনে । এই জোটের অধিকাংশ প্রার্থীই ভোট পেয়েছেন এক হাজারের নিচে। কোনো কোনো প্রার্থী দুই বা তিন হাজার ভোট পেয়েছেন।

এছাড়া ঢাকা-৮ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (বাংলাদেশ জাসদ) এএফএম ইসমাইল চৌধুরী মোটরগাড়ি প্রতীকে পেয়েছেন ৫৬ ভোট এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) এএইচএম রফিকুজ্জামান আকন্দ কাঁচি প্রতীকে পেয়েছেন ৯৬ ভোট।

Related Articles

Leave a Reply

Back to top button