বাংলাদেশ

সন্ধ্যায় ভার্চুয়াল সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব এবং তা কাটিয়ে উঠতে আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়টিগুলো সামনে রেখে আজ একটি ভার্চুয়াল সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সভাপতি বর্জ ব্রেন্ডের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এ ভার্চুয়াল সম্মেলন শুরু হবে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠেয় ওই ভার্চুয়াল সম্মেলনে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে যোগ দেবেন। ‘দক্ষিণ এশীয় অঞ্চলের অর্থনীতির ওপর কোভিড-১৯ সম্পর্কিত প্রভাব মোকাবিলার লক্ষ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি’ বিষয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

‘বাংলাদেশ- কোভিড-১৯ মোকাবিলার লক্ষ্যে আঞ্চলিক সহনশীলতা গড়ে তোলা’ সম্পর্কে প্রধানমন্ত্রী উদ্বোধনী বক্তব্য দেবেন বলেও জানান ইহসানুল করিম।

এছাড়াও করোনা পরিস্থিতি ও মহামারি থেকে উদ্ভূত সংকট মোকাবিলায় করণীয় সম্পর্কে বিশেষ ব্রিফিং দেবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং।

এছাড়া সম্মেলনে বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button