৫ লাখ টাকা জরিমানা দিলেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন কলকাতা হাইকোর্ট।
এ জরিমানার পর মামলা থেকে সরে দাঁড়িয়েছেন আলোচিত নন্দীগ্রাম মামলার বিচারপতি কৌশিক চন্দ।
নন্দীগ্রামে ভোটের ফল গণনায় কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পুনর্গণনার দাবিও জানান তিনি। কিন্তু নন্দীগ্রাম মামলাটি বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে উঠতেই আপত্তি জানায় তৃণমূল।
তাদের দাবি, বিচারক কৌশিক চন্দ আগে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। যে কারণে তিনি ন্যায়বিচার পাবেন না মনে করে বিচারক বদল করতে চেয়ে আবেদন করেছিলেন মমতা। বিচারপতি চন্দের কাছেই সেই আবেদন করেছিলেন তিনি। খবর বিবিসির।
বুধবার (৭ জুলাই) মুখ্যমন্ত্রীর আবেদনটি খারিজ করে দিয়ে বিচারক মন্তব্য করেন। তিনি মনে করেন না যে, এই মামলায় তার দিক থেকে কোনো স্বার্থের সংঘাত ছিল।
মামলার রায় দিতে গিয়ে বিচারপতি চন্দ স্পষ্ট জানান, তার বিরুদ্ধে মামলাকারীর পক্ষ থেকে যে অভিযোগ তোলা হয়েছে, তার জন্য তিনি সরছেন না। বরং, বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার কারণেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তাছাড়া বিচারব্যবস্থাকে কলুষিত করার জন্যই এ জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ জমা দিতে হবে রাজ্য বার কাউন্সিলে, যা পরবর্তীকালে কোভিড চিকিৎসায় ব্যবহৃত হবে।
রায় ঘোষণা পর মামলাটি এখন ভারতের প্রধান বিচারপতির কাছে যাবে। সেখান থেকে মামলাটি অন্য বিচারপতির কাছে হস্তান্তর করা হতে পারে।
মামলার রায় ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান বলেন, একজন মুখ্যমন্ত্রীকে এভাবে জরিমানা করা লজ্জাজনক ঘটনা। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলেন তিনি।



