বাংলাদেশ

২৪ খেলার মাঠ উদ্ধার, চলছে আধুনিকায়নের কাজ: ডিএনসিসি মেয়র

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, অবৈধ দখলে থাকা ২৪টি খেলার মাঠ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ৪টি মাঠ উন্মুক্ত করা হয়েছে। বাকিগুলোতে আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। জানান, রোজার পর আরও ১৮টি মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

সোমবার (২১ মার্চ) রাজধানীর উত্তরায় ৪ নম্বর সেক্টর মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রস কাপ টুর্নামেন্টের ভলিবল পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান ডিএনসিসি মেয়র।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ গড়ে তুলতে হবে, আর সোনার মানুষ গড়তে ভবিষৎ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।

রাজউক ও ডেভেলপার কোম্পানিগুলোকে সতর্ক করে মেয়র বলেন, সিটি করপোরেশনের নকশায় যে পার্ক ও খেলার মাঠ আছে, তা যেন প্লট হিসাবে বরাদ্দ দেওয়া না হয়।

আতিকুল ইসলাম আরও বলেন, এ শহর আমাদের সবার, ছেলেদের পাশাপাশি মেয়েদেরও খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে। মাঠগুলোতে মেয়েদের খেলাধুলার ব্যবস্থা করা হবে।

বক্তবে মেয়র বলেন, “ভবিষ্যতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাজেটে ক্রীড়ার জন্য বরাদ্দ বাড়িয়ে দেওয়া হবে।”

অনুষ্ঠানে ডিএনসিসির কাউন্সিলরগণসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button