হঠাৎ স্থগিত গণস্বাস্থ্যের কিট হস্তান্তর প্রক্রিয়া

করোনা ভাইরাস সনাক্তে কিট তৈরি করেও সরকারের কাছে হস্তান্তর প্রক্রিয়া স্থগিত করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।
গতকাল শুক্রবার কোভিড-১৯ ডট ব্লক প্রকল্পের সমন্বয়ক ডা. মহিব উল্লাখ খোন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যান্ত্রিক ত্রুটির কারনে কিট হস্তান্তর প্রক্রিয়া স্থগিত।
বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে, ‘অত্যন্ত দুঃখিত। কোভিড-১৯ ডট ব্লক কিট হস্তান্তর স্থগিত করা হয়েছে। নতুন তারিখ শিগগিরই জানানো হবে।’
এ নিয়ে শনিবার সংবাদ সম্মেলন করার কথা থাকলেও কিট উৎপাদন প্রক্রিয়া শেষ না হওয়ায় সেটিও স্থগিত করা হয়েছে।
এ ব্যাপারে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. মুহিব উল্লাহ গণমাধ্যমকে বলেছেন, ‘কিট উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করতে আমাদের আরও ২-৩ দিন সময় লাগবে। এখনও পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়নি।’
কিট হস্তান্তরে জটিলার বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘শুক্রবার হঠাৎ করেই ইলেকট্রনিক ও যান্ত্রিক সমস্যার কারণে উৎপাদনে ত্রুটি হয়েছে। এটা সারাতে ২-৩ দিন সময় লাগতে পারে। আমরা দ্রুত সারানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’



