স্কুলে ঢুকে ক্যামেরুনে ৬ শিশুকে গুলি করে হত্যা

প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে ৬ শিশুকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী।
শনিবার (২৪ অক্টোবর) মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের কুম্বা শহরে এ ঘটনায় অন্তত ৮ শিশু আহত হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার দুপুরে এক ব্যক্তি বেসামরিক পোশাকে মোটরসাইকেলে করে কুম্বা শহরে আসে। এরপর সরাসরি সেখানকার একটি বিদ্যালয়ে ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে। এতে অন্তত ৬ শিশু নিহত হয় এবং গুরুতর জখম হয় অন্তত ৮ শিশু। এ সময় বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালানোর সময় আরও কয়েকজন শিশু আহত হয়।
স্থানীয় শিক্ষা কর্মকর্তা আহিম আবানাউ ওবাসে ঘটনাটি নিশ্চিত করে জানান, বন্দুকধারীর হামলায় নিহতদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। এ ঘটনায় আহত আরও আটজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
কুম্বার এক সরকারি কর্মকর্তা আলী আনোগু জানিয়েছেন, দুপুরের দিকে এক বন্দুকধারী বিদ্যালয়টিতে হামলা চালায়। তিনি ক্লাসে ঢুকে তাদের ওপর নির্বিচারে গুলি চালাতে থাকে।
কী কারণে কারা এই হামলা চালিয়ে সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। কুম্বা অঞ্চলে চলমান সরাকারি বাহিনী ও ইংরেজি ভাষাভাষী সশস্ত্র বাহিনীদের মধ্যকার সংঘর্ষের সঙ্গে হামলার ঘটনাটি যুক্ত কিনা তাও স্পষ্ট নয়।
ওই এলাকায় ২০১৭ সাল থেকে দ্বন্দ্ব-সংঘাতের কারণে শতাধিক সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় কয়েক হাজার মানুষ।



