
বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে তার নির্বাচনী এলাকা রংপুর-৪ আসনের কাউনিয়ায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি।’
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে সারাজীবন সংগ্রাম করে গেছেন। ক্ষুদা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্নছিল তার। তাই আমাদের সবার দায়িত্ব হবে জ্ঞানগরিমায় সমৃদ্ধ হয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করা। তাহলেই শোকের মাসে আমরা চিরঞ্জীব এই মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে পারবো।
তিনি বলেন, ২০২০ সাল বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত হচ্ছে। আমাদের অনেক আশা ছিল দেশের সকল মানুষকে সাথে নিয়ে জাকজমক ভাবে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করার। কিন্তু প্রাণঘাতি করোনা সব আশা স্থগিত করে দিয়েছে।
শোকসভা শুরুর আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কাউনিয়া উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন এবং উপজেলা পরিষদের অর্থায়নে ৪৮০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেন।



