স্পোর্টেইনমেন্ট

সাকিবের নৈপুণ্যে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়াতে তৃতীয় ম্যাচে সাগরিকায় ৫০ রানের জয় পেয়েছে টাইগাররা।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫০ রানের জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে টাইগাররা।

সোমবার (৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২৪৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে রান তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে ধরাশয়ী ইংলিশরা ৪৩.১ ওভারে ১৯৬ রানেই গুটিয়ে যায়।

২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করেছিলেন দুই ইংলিশ ওপেনার জেসন রয় এবং ফিল সল্ট। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে বিনা উইকেটে দলীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিল ইংল্যান্ড। কিন্তু এরপর স্কোরবোর্ডে আর ৫ রান যোগ করতেই ৩ উইকেট হারায় সফরকারীরা।

৫৫ রানের মধ্যে ইংলিশদের টপ অর্ডারের তিন ব্যাটারকে ফিরিয়ে ভালোভাবেই ম্যাচে ফেরে বাংলাদেশ। সাকিব ২টি এবং এবাদত এক উইকেট তুলে নেন ১ রানের ব্যবধানে। এরপর স্যাম কারান এবং জেমস ভিন্সের ব্যাটে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। তবে কারানকে ২৩ রানে ফিরিয়ে সেই জুটি ভাঙেন মিরাজ।

কারানের পর বাটলারের সঙ্গেও জমে যাচ্ছিল জেমস ভিন্সের জুটি। তবে সেটা করতে দিলেন না সাকিব। এই স্পিনারের আর্ম ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে উইকেট কিপারের হাতে ধরা পড়েন ভিন্স।

শেষ পর্যন্ত ৪৩ ওভার ১ বলে ১৯৬ রান তোলে অলআউট হয় ইংল্যান্ড। বাংলাদেশের হয়ে ৪ উইকেট শিকার করে দলের সেরা বোলার সাকিব।

ব্যাট ও বল হাতে অলরাউন্ড নৈপুণ্যের কারণে ম্যাচসেরা নির্বাচিত হন সাকিব আল হাসান। এছাড়া সিরিজ সেরা হয়েছেন ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ।

একই ভেন্যুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

আগামী ৯ মার্চ বিকেল ৩টায় শুরু হবে এই খেলা। এরপর ঢাকায় পরের দুই ম্যাচ ১২ ও ১৪ মার্চ।

Related Articles

Leave a Reply

Back to top button