ভূরাজনীতি

জাতীয় টাস্কফোর্সের নামে বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে বিএনপি: কাদের

করোনা প্রতিরোধে জাতীয় টাস্কফোর্স বা জাতীয় ঐক্য গড়ে তোলার নামে বিএনপি অহেতুক বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৪ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এমন অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশের কেউ কেউ আজকে করোনা প্রতিরোধে জাতীয় টাস্কফোর্স গঠনের জন্য সরকারকে আহ্বান করেছেন। কিন্তু আজ সারা দুনিয়া করোনা প্রতিরোধে কোথাও টাস্কফোর্স দলীয়ভাবে বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গড়ে তোলা কোনও নজির কোথাও নেই।

তিনি বলেন, এ সময়ে যার যার দায়িত্ব সতর্কতার সাথে পালন করা দায়িত্বশীলতারই পরিচয়। রাজনৈতিক দল হিসেবে প্রত্যেক দলেরই আজকে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজন রয়েছে। ভালো পরামর্শ সরকারকে যদি কোনও দল দেয়, তাহলে অবশ্যই করোনা প্রতিরোধের জন্য সেই প্রয়োজনীয় পরামর্শ সরকার সানন্দে গ্রহণ করবে।

কাদের বলেন, অদৃশ্য শত্রুকে মোকাবিলার জন্য যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করা উচিত। আজকে প্রত্যেকেরই স্বাস্থ্যবিধি মেনে চলাটাই হলো প্রথম ও প্রধান কর্তব্য।

ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি বিষয়টি গুজব জানিয়ে ওবায়দুল কাদের বলেন, চিকিৎসা ক্ষেত্রে ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে একটি মহল প্রচারণা চালাচ্ছে। ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরির বিষয়টি স্রেফ গুজব।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমি যতটুকু জানি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের কোনও প্রস্তাবে সমর্থন দেননি। রোগীকে রোগী হিসেবে দেখবো। এখানে ধনী-দরিদ্রের কোনও বিষয় নেই। বিত্তবান-বিত্তহীনের কোন বিষয় নেই। কারণ করোনা এখানে দল-মত নির্বিশেষে ধর্ম-বর্ণ নির্বিশেষে কাউকে ছাড় দেবে- এমনটা মনে করার কোনও কারণ নেই৷

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী বিশেষ করে মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছাও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ।

Related Articles

Leave a Reply

Back to top button