দেশের আকাশে রমজানের চাঁদ, শনিবার থেকে রোজা শুরু

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) থেকে শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ কথা জানানো হয়।
দেশের আকাশে মেঘলা থাকায় অনেক জায়গায় চাঁদ দেখা যায়নি। তবে ময়মনসিংহ ও জামালপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে চাঁদ দেখার খবর পাওয়া গেছে।
রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর আদায় করতে হবে তারাবির নামাজ। রোজা রাখতে ভোররাতে খেতে হবে সেহরি।
১৪৪১ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয় শুক্রবার (২৪ এপ্রিল)। শুক্রবার সন্ধ্যায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন অবতীর্ণ হওয়ার মাস রজমানে সংযম সাধনা ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। রোজদাররা ভোর রাতে সেহরি খেয়ে পর দিন সূর্যাস্তে ইফতার পর্যন্ত পানাহার না করে সংযম পালন করবেন।
আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ জর্ডান, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে শুরু হয়েছে পবিত্র রমজান মাস।
উল্লেখ্য, হিজরি সনের রমজান মাসকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকেন বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে সিয়াম সাধনার পর উদযাপন হয় ঈদুল ফিতর।



