Leadবাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে ব্রাহ্মণবাড়িয়ার চার কন্যা

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ব্রাহ্মণবাড়িয়ার চার নারী মনোনয়ন পেয়েছেন। তারা হলেন- বিএনপি থেকে সানজিদা ইসলাম তুলি ও নাদিয়া পাঠান পাপন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মারদিয়া মমতাজ ও জুলাই শহীদ জননী রোকেয়া বেগম।

রাজনৈতিক সংশ্লিষ্টরা মনে করছেন, ব্রাহ্মণবাড়িয়ার এই চার নারীর মনোনয়ন জেলার রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও নেতৃত্বকে আরো শক্তিশালী করবে।

সানজিদা ইসলাম তুলি
নবীনগর উপজেলার লাউরফতেহপুর গ্রামের মফিজুল ইসলামের মেয়ে সানজিদা ইসলাম তুলি। দীর্ঘদিন গুম ব্যক্তিদের সন্ধানে কাজ করে আসছেন। তিনি `মায়ের ডাক’ প্ল্যাটফর্মের সমন্বয়ক এবং ২০১৩ সালে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করা তুলি মানবাধিকার আন্দোলনের এক পরিচিত মুখ।

>> বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ প্রার্থী চূড়ান্ত

নাদিয়া পাঠান পাপন
বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের মরহুম আনোয়ার হোসেনের মেয়ে নাদিয়া পাঠান পাপন ছাত্ররাজনীতি থেকেই সক্রিয়। তিনি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০০০ সালে তিনি চান্দুরা ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন। এ ছাড়াও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ছিলেন।

মারদিয়া মমতাজ
জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পাওয়া ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ জেলা শহরের পাইকপাড়ার ঐতিহ্যবাহী মাসুম মঞ্জিলের বাসিন্দা। তার বাবা ইঞ্জিনিয়ার মমতাজুল করীম জামায়াতের কেন্দ্রীয় সংগঠনে অনেক বছর কাজ করেছেন। মা বেগম সালেহা মমতাজও জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন।

নবীনগরের রতনপুর ইউনিয়নের শাহপুর গ্রাম তার পৈতৃক আদি নিবাস। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। একজন প্রকৌশলী, গবেষক ও লেখক হিসেবেও তিনি পরিচিত।

>> বাংলাদেশ প্রেসক্লাবের কথিত সাংবাদিক আরিফের বিরুদ্ধে মানববন্ধন

রোকেয়া বেগম
আখাউড়া উপজেলার তুলাইশিমুল গ্রামের রোকেয়া বেগমও জামায়াতের মনোনয়ন পেয়েছেন। তিনি শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে তার সন্তান নিহত হওয়ার ঘটনা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। সেই প্রেক্ষাপটে তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেয়া হয়েছে।

নিউজ নাউ বাংলা/এসি/ এফওয়াই/ জেডআরসি/ ‌২১ এপ্রিল ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button