Leadবাংলাদেশ

বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ প্রার্থী চূড়ান্ত

৫৫ বছরের ইতিহাসে সংসদে প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নির্বাচন কমিশনের আসন বণ্টন অনুযায়ী, বিএনপি জোট এবার ৩৬টি আসন পেয়েছে। ঘোষিত তালিকায় অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি রাজপথের লড়াকু তরুণ নেত্রীদের প্রাধান্য দেওয়া হয়েছে।

বিএনপির চূড়ান্ত তালিকায় শীর্ষ পর্যায়ে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা এবং রাশেদা বেগম হিরা। এ ছাড়া আলোচিত নেত্রীদের মধ্যে রয়েছেন রেহানা আক্তার রানু, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী এবং সানসিলা জেবরিন।

তালিকায় আরও আছেন হেলেন জেরিন খান, সুলতানা আহমেদ, শাকিলা ফারজানা, নেওয়াজ হালিমা আর্লি এবং সানজিদা ইসলাম তুলিসহ মোট ৩৬ জন নেত্রী। ত্যাগী ও দক্ষ নেত্রীদের সমন্বয়ে এই তালিকা করা হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র।

এর আগে রাজধানীর গুলশানে ১০টি সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। সেখানে প্রার্থীরা বিগত দিনের আন্দোলনে নিজেদের ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন।

সাক্ষাৎকারে প্রার্থীরা অঙ্গীকার করেন যে, দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। যোগ্য ও দক্ষ নেতৃত্ব খুঁজে বের করতেই এই নিবিড় বাছাই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

ইসির তপশিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামীকাল ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল এবং আপিল নিষ্পত্তির জন্য ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সময় রাখা হয়েছে।

আগামী ৩০ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। চূড়ান্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। নির্বাচন কমিশন জানিয়েছে, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ত্রয়োদশ সংসদে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট এককভাবে ৩৬টি আসন পেয়েছে। এ ছাড়া জামায়াতে ইসলামী জোট ১৩টি এবং স্বতন্ত্ররা ১টি আসন লাভ করেছে।

অভিনেত্রী রোকাইয়া জাহান চমক এবং মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি ব্যাপক আলোচিত হলেও মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের চূড়ান্ত তালিকায় স্থান পাননি তারা। বিএনপি মনোনীত এই নারী জনপ্রতিনিধিরা দেশের উন্নয়নে সরকারকে নানাভাবে সহযোগিতা করবেন বলে দলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

৫৫ বছরের ইতিহাসে সংসদে প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাটোর থেকে আদিবাসী ওঁরাও সম্প্রদায়ের আন্না মিনজকে মনোনয়ন দিয়েছে। এর মধ্য দিয়ে দেশের সংসদীয় ইতিহাসে প্রথমবারের মতো কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নারীর প্রতিনিধিত্বের সুযোগ সৃষ্টি হলো।

দলীয় সূত্রে জানা গেছে, আন্না মিনজ দীর্ঘদিন ধরে আদিবাসী ও খ্রিস্টান সম্প্রদায়ের অধিকার, উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে কাজ করে আসছেন। স্থানীয় পর্যায়ে তিনি একজন দক্ষ সংগঠক ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত।

তার মনোনয়নকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারা। মাল পাহাড়িয়া জাতিগোষ্ঠীর নেতা জুলিয়ান বিশ্বাস ও অন্দ্রিয়াস বিশ্বাস আশা প্রকাশ করে বলেন, এ সিদ্ধান্ত উত্তরবঙ্গসহ দেশের আদিবাসী ও খ্রিস্টান জনগোষ্ঠীর জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, আন্না মিনজের সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততার কারণেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।

বিশ্লেষকদের মতে, এই মনোনয়ন দেশের রাজনৈতিক অঙ্গনে অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব বাড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

আন্না মিনজ ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় এমএসসি এবং প্রকল্প পরিকল্পনা ও ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেছেন। আন্না তিন দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন উন্নয়ন কৌশলবিদ। আন্না মিনজ ব্র্যাক ইন্টারন্যাশনালের প্রোগ্রামসমূহের সিনিয়র ডিরেক্টর।

তিনি এশিয়া ও আফ্রিকার ১৩টি দেশে শিক্ষা ও প্রারম্ভিক শৈশবের উন্নয়ন, যুব ক্ষমতায়ন, অতি-দরিদ্রদের স্নাতক ও জীবিকা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, লিঙ্গ সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি, জলবায়ু পরিবর্তন এবং বহু-খাতভিত্তিক সমন্বিত কর্মসূচিসহ বিভিন্ন কার্যক্রমের তত্ত্বাবধান করেন।

ব্র্যাক ইন্টারন্যাশনালে যোগদানের আগে আন্না কারিতাস, কেয়ার বাংলাদেশ এবং ব্র্যাক বাংলাদেশসহ বিভিন্ন স্বনামধন্য জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় সিনিয়র নেতৃত্বের পদে অধিষ্ঠিত ছিলেন। তার কাজের মূল কেন্দ্রবিন্দু হলো কমিউনিটি ক্ষমতায়ন, সমন্বিত কর্মসূচি, লিঙ্গ সমতার অগ্রগতি এবং আদিবাসী জনগোষ্ঠীর অধিকার।

তিনি বর্তমানে বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করছেন, যার মধ্যে রয়েছে বাংলাদেশের জাতীয় আদিবাসী জোটের চেয়ারপার্সন এবং এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের ভাইস-চেয়ার।

তিনি স্ট্রমি ফাউন্ডেশন (নরওয়ে)-এর বোর্ড সদস্য এবং গার্লস নট ব্রাইডস বাংলাদেশ চ্যাপ্টার ও এনগেজিং মেন অ্যান্ড বয়েজ অ্যালায়েন্স, বাংলাদেশ উভয়ের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নিউজ নাউ বাংলা/এসি/ এফওয়াই/ জেডআরসি/ ‌২০ এপ্রিল ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button