ভূরাজনীতি
সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই: আ.লীগ

সরকারের পদত্যাগ ও সংসদের বিলুপ্তি চেয়ে বিএনপির একদফা দাবিকে নাকচ করে দিয়ে আওয়ামী লীগের নেতারা বলেছেন, সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।
বুধবার (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে নগর উত্তর-দক্ষিন আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে আওয়ামী লীগের নেতারা এ কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, অল্প সময়ের নোটিশে আপনারা এই সমাবেশকে সফল করে তুলেছেন। জনসমুদ্রের যে তরঙ্গ আপনারা তুলেছেন তাতে বিএনপির এক দফা ভেসে যাবে।
তিনি বলেন, যতবার বিএনপি ক্ষমতায় এসেছে ততবার দেশে সারের সংকট হয়েছে, খাদ্যের সংকট হয়েছে, মঙ্গা হয়েছে। মানুষ সংকটে পড়ে আত্মাহুতি দিয়েছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কোনো সংকট থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা রেখেছেন। সব প্রতিশ্রুতি পূরণ করেছেন। উন্নয়নের বিপ্লব হয়েছে। সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন। কিন্তু বিএনপি আবারও দেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র শুরু করেছে। এখন বিদেশীদের হাতে পায়ে ধরে ক্ষমতা ভিক্ষা চাইছে।
সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, যে বাংলাদেশের সতের কোটি মানুষ শেখ হাসিনাকে ম্যান্ডেট দিয়েছে। ম্যান্ডেট দিয়েছে বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য সেই শেখ হাসিনার পদত্যাগের দাবি করেছে পলাতক আসামীর দল। পাকিস্তান আজ নিলামে উঠেছে কে কত দিয়ে পাকিস্তান কিনবে। যাদের মুরুব্বিদের এই অবস্থা তারা কি করে শেখ হাসিনাকে পতত্যাগ করতে বলে?
তিনি বলেন, বিএনপি বলে নিরপেক্ষ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে। এই কথা বলে ওরা বিদেশী ঘটক নিয়ে এসেছে। ঘটকরা এখনো বাংলাদেশে আছে। তারা নির্বাচন কমিশন থেকে বেরিয়ে বলেছে, এই কমিশনের সুষ্ঠু নির্বাচনের দক্ষতা ও সক্ষমতা আছে। তারা অংশগ্রহণমূলক নির্বাচনের আশা করেছে।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর আরেক সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, কিসের এক দফা? আসলে এই দেশের উন্নয়ন ওদের সহ্য হয় না। দেশের মানুষ খেয়ে পড়ে উন্নত বাংলাদেশ দেখুক এটা ওদের সহ্য হয় না।
তিনি বলেন, ওরা বলে নির্বাচন বর্জন করবে, প্রতিহত করবে। আগেও এগুলো করেছে। সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। আপনারা প্রস্তুত থাকবেন। আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবেন ওদেরকে প্রতিহত করতে। বাঙালি জাতি আজ ঐক্যবদ্ধ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
দলের অন্যতম সভাপতিমন্ডলীর সদস্য মোস্তফা জামাল মহিউদ্দিন বলেন, এই সমাবেশ প্রমাণ করে আগামী নির্বাচনে যতোই টালবাহানা, ষড়যন্ত্র করুক না কেনো শেখ হাসিনার নেতৃত্বে আবারও আমরা উন্নয়নের সরকার গঠন করবো।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, বিএনপির এক দফার জবাবে বলতে চাই, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন হবে। শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আসার কোনো সুযোগ এই দেশে নেই। নির্বাচন কমিশনকে সরকার কোনোভাবেই প্রভাবিত করবে না। অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।
প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, আজকের সমাবেশের লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি প্রমাণ করে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। বিএনপি আইন মানে না, গণতন্ত্র মানে না। সন্ত্রাসী করে ক্ষমতায় যেতে চায়।



