সংকটাপন্ন অবস্থায় সিএমএইচে ভর্তি সৈয়দ ইবরাহিম

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ব্রেইন স্ট্রোক করেছেন। তাকে ভর্তি করা হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।
মঙ্গলবার (২৯ মার্চ) সকালে ইবরাহিম তার ডিওএইচএসের বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ভর্তি করা হয় সিএমএইচে।
কল্যাণ পার্টির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল হাসান সাকিব জানিয়েছেন, গতকাল মঙ্গলবার সকালে ডিওএইচএসের বাসায় অসুস্থ হয়ে পড়েন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। এর পর তাকে সিএমএইচে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার ব্রেইন স্ট্রোক হয়েছে। তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন। তিনি এখন হাসপাতালের হাই ডিপেনডেনসি ইউনিটে (এইচডিইউ) আছেন। আজ তার অস্ত্রোপচার করা হবে।
এই বীরপ্রতীক রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।
১৯৭১ সালে প্রতিরোধযুদ্ধে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ওই সময় তিনি হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। এরপর ভারতে যান। সেখানে সংগঠিত হওয়ার পর তিনি প্রথমে ৩ নম্বর সেক্টরের অ্যাডজুট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নিয়মিত মুক্তিবাহিনীর এস ফোর্সের অধীনে যুদ্ধ করেন। দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের চার্লি কোম্পানির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তেলিয়াপাড়া, মাধবপুর, আখাউড়া, লালপুর ও ডেমরার যুদ্ধ তাঁর জীবনের উল্লেখযোগ্য যুদ্ধ।



