বিশ্ব

হেলিকপ্টার বিধ্বস্তে ভারতীয় প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত নিহত

হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত। এ দুর্ঘটনায় শুধু তিনিই নন, প্রাণ হারিয়েছেন রাওয়াতের স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো, বিমানবাহিনীর কর্মকর্তাসহ আরও ১২ জন।

বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে এক টুইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর: ইন্ডিয়া টুডে।

এর আগেই অবশ্য ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছিল, বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারের ১৪ আরোহীর মধ্যে ১৩ জনই নিহত হয়েছেন। গুরুতর আহত এক পুরুষ আরোহীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সেসময় বিপিন রাওয়াত জীবিত নাকি মৃত তা নিশ্চিত ছিল না। শেষ পর্যন্ত ভারতীয় বিমানবাহিনীই বিষয়টি নিশ্চিত করলো।

স্থানীয় সময় বুধবার (৮ ডিসেম্বর) সকালে দেশটির তামিলনাড়ু রাজ্যে সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এর পরপরই ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বিপিন রাওয়াতকে নিয়ে এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারটি তামিলনাড়ুর কুনুরে দুর্ঘটনায় পতিত হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের আদেশ দেয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হেলিকপ্টারটি নীলগিরি জেলার ওয়েলিংটন ডিফেন্স সার্ভিস ট্রেইনিং ইনস্টিটিউশনের উদ্দেশে যাত্রা করেছিল। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এ ঘটনার বেশ কিছু ফুটেজ প্রকাশ করা হয়েছে। এতে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।

ভয়াবহ এ দুর্ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে মাত্র একজন এখনো বেঁচে রয়েছেন। ভারতীয় বিমান বাহিনীর ওই গ্রুপ ক্যাপ্টেনও মারাত্মকভাবে দগ্ধ। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিপিন রাওয়াত ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএফ)। ২০১৯ সালে ভারত সরকার পদটি তৈরির পর থেকেই এর দায়িত্বে রয়েছে তিনি। বিপিন রাওয়াত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যতম উপদেষ্টাও।

Related Articles

Leave a Reply

Back to top button