বাংলাদেশ

ইউনাইটেডে আগুনে রোগী মৃত্যুর ঘটনায় স্বজনের মামলা

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে অগ্নিকাণ্ডে পাঁচ রোগীর মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৩ জুন) রাতে, অগ্নিকাণ্ডে নিহত ভেরন অ্যান্থনি পলের মেয়ের জামাই রোনাল্ড রিকি গোমেজ মোটট বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান, এমডি, সিইও, পরিচালক, করোনা ইউনিটে সেসময় কর্মরত ডাক্তার -নার্স, সেফটি ও সিকিউরিটি কর্মকর্তারাদের আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, তারা শিগগিরই বিষয়টি নিয়ে তদন্তে নামবেন।

মামলার এজাহারে বলা হয়, দুইবার করোনা টেস্ট নেগেটিভ আসার পরও তার স্বজনকে ইচ্ছাকৃতভাবে রাখা হয় আইসোলেশন ইউনিটে। চিকিৎসক ও প্রশাসকদের স্বেচ্ছাচারিতায় আরও কয়েকজন নন-কোভিড রোগীকে সেখানে রাখা হয়েছিল। অথচ তারা করোনা নেগেটিভ ছিলেন। তাই এই ঘটনায় পাঁচজন নিহতের পেছনে পুরো দায় ইউনাইটেড হাসপাতালের।

উল্লেখ্য, গত ২৭ মে ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটের অগ্নিকাণ্ডে পাঁচ রোগী প্রাণ হারান। নিহতরা হলেন- মোহাম্মদ মাহবুব (৫০), মনির হোসেন (৭৫), ভেরন অ্যান্থনি পল (৭৪), খোদেজা বেগম (৭০) ও রিয়াজ উল আলম (৫০)।

ঘটনার দিন রাতের ৫ রোগী নিহতের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছিল ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Back to top button