যুক্তরাষ্ট্রের অনুদান বন্ধ দুঃখজনক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

যুক্তরাষ্ট্রের অনুদান বন্ধের ঘোষণাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস।
গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় করোনা ভাইরাসের মোকাবিলায় বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। (খবর রয়টার্স)।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ডব্লিউএইচওর মহাপরিচালক বলেছেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার দীর্ঘদিনের অকৃত্রিম বন্ধু। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সম্পর্ক চলমান থাকবে আমরা আশা করি।’
তিনি বলেন, ডব্লিউএইচও এখন পর্যন্ত অংশীজনদের সঙ্গে সম্পর্কের কোনো খুঁত আছে কি না, তা খুঁজে বের করার চেষ্টা করছে এবং সম্পর্কের ভূলগুলো সঠিকভাবে পূরণের চেষ্টা করে যাচ্ছে। তবে এখন এসব নিয়ে কথা বলার সময় নয়। এখন সময় বিশ্ববাসীকে এক হয়ে করোনা মহামারির বিরুদ্ধে সংগ্রাম করা। তিনি এ ভাইরাসকে মানব জাতির ‘ভয়ংকর শক্র’ বলে অভিহিত করেন।
যুক্তরাষ্ট্রে আক্রান্ত ব্যক্তি ও মৃত্যুর হার অন্যান্য দেশকে ছাড়িয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ট্রাম্প প্রশাসন। এমন পরিস্থিতিতে ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিষয়ে অভিযোগ তোলেন, করোনা পরিস্থিতিতে ডব্লিউএইচও তার মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তিনি এই সংস্থার বিরুদ্ধে ভাইরাসটির বিস্তার রোধে অব্যবস্থাপনা ও লুকোচুরির অভিযোগ আনেন। এ জন্য ডব্লিউএইচওকে অবশ্যই জবাবদিহি করতে হবে বলে ট্রাম্প তার ঘোষণায় বলেন।
হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা যাচাই করে দেখার নির্দেশ দিয়েছি। তার আগ পর্যন্ত সংস্থাটিতে তহবিল বন্ধ করার নির্দেশ প্রশাসনকে দিয়েছি।’
এর আগেও গত সপ্তাহে ট্রাম্প অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি অর্থ দেয় ডব্লিউএইচওকে। কিন্তু কোনো কারণে ডব্লিউএইচও খুব চীনকেন্দ্রিক।



