যুক্তরাষ্ট্রে করোনার প্রথম টিকা নিলেন নার্স সান্ড্রা

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রথম টিকা নিয়েছেন ৫২ বছর বয়সী নিউইয়র্কের নার্স সান্ড্রা লিন্ডসে।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী। পুরো ডিসেম্বরজুড়ে এই অবস্থা অব্যাহত থাকার আশঙ্কা করে শুক্রবার বিশেষজ্ঞরা টিকার জরুরি অনুমোদন দেন। এরপর শনিবার সরকারিভাবে যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিনের জরুরি ব্যবহারের ছাড়পত্র দেয় খাদ্য ও ওষুধ প্রশাসন বিভাগ (এফডিএ)। ৫০টি রাজ্যে ফাইজার-বায়োএনটেকের ৩০ লাখ সরবরাহ করা হয়েছে।
এরপর সোমবার টিকা দেয়া শুরু হয় যুক্তরাষ্ট্রে। আর প্রথম টিকাটি নেন নিউইয়র্কের লং আইল্যান্ড জিউস মেডিকেল সেন্টারের আইসিইউয়ের নার্স সান্ড্রা লিন্ডসে। তার এই টিকা নেয়ার দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে।
এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকা শুরুর বিষয়টি টুইটারে জানান। তিনি বলেন, ‘প্রথম টিকা দেয়া হয়েছে। শুভ কামনা যুক্তরাষ্ট্র, শুভ কামনা বিশ্বের সবার জন্য।’
এদিকে, প্রথম টিকা নেয়ার সুখকর অনুভূতি জানিয়েছেন সান্ড্রা লিন্ডসে। তিনি বলেন, ‘আমার মনে হয়েছে সুস্থ হয়ে যাচ্ছি। অন্য যেকোনো টিকা নেয়ার অনুভূতির চেয়ে কোনো ভিন্নতা ছিল না। আমি মনে করি, ইতিহাসের সবচেয়ে খারাপ সময় শেষ হওয়ার শুরু হলো আজ। সবাইকে বলতে চাই, এই টিকা নিরাপদ। আমরা সবাই মহামারির মধ্য দিয়ে যাচ্ছি। সুতরাং সবার এই কর্মসূচিতে অংশগ্রহণ করা উচিত।’



