মহাসড়কে টোল আদায়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে দেশের মহাসড়কগুলোতে টোল আদায়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রস্তাবিত ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার পর সেখান থেকে টোল আদায়েও নির্দেশ দেন তিনি।
নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘বিনা পয়সায় সেবার দিন শেষ।’
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই নির্দেশনা দেন সরকার প্রধান।
এ সময় প্রধানমন্ত্রী টোল আদায়ের মাধ্যমে শুধু রাজস্ব আদায় নয়, একটা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খোলার কথা বলেছেন। যেখান থেকে শুধু সড়ক রক্ষণাবেক্ষণে খরচ হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এসব কথা জানান।
মন্ত্রী বলেন, সভায় সড়কে নির্দিষ্ট দূরত্বে বিশ্রামাগার নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যাতে যাত্রী, চালক ও চালকের সহকারী যেখানে বিশ্রাম নিতে পারে।


