বাংলাদেশ

জাতীয় সংসদে ইতিহাসের সংক্ষিপ্ত বাজেট অধিবেশন শুরু আজ

করোনা মহামারির কারণে জাতীয় সংসদে ইতিহাসের সংক্ষিপ্ত বাজেট অধিবেশন শুরু আজ। সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্যরা গড়ে তিন দিন করে যোগ দেওয়ার সুযোগ পাবেন। এরমধ্যে ১ দিন তারা বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন। তবে কোনও কোনও সংসদ সদস্য তিন দিন অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ পেলেও বাজেটের ওপর আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না।

বুধবার (১০ জুন) বিকেল ৫টায় বসছে বাজেট অধিবেশন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, করোনা সতর্কতার অংশ হিসেবে অধিবেশন সংক্ষিপ্ত করার কথা জানানো হয়েছে। এবারো অধিবেশনের আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হচ্ছে না। এরআগে সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে গত ১৮ এপ্রিল এক দিনের জন্য বসা সংসদের সপ্তম অধিবেশনের আগেও কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হয়নি।

আর সংসদ অধিবেশনে উপস্থিতি ১০০ জনের কম রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে প্রবীণ ও অসুস্থদের না আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নতুন বছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর মাত্র পাঁচ দিন আলোচনা হবে। আর পুরো বাজেট পাসের প্রক্রিয়া ব্যয় হবে ১০ দিন।

আগামী ২৯ জুন অর্থবিল ও ৩০ জুন মূল বাজেট পাস হবে। মাত্র ১২ কার্যদিবসে আগামী ৯ জুলাই শেষ হতে পারে দেশের ইতিহাসে সংক্ষিপ্ততম এই বাজেট অধিবেশন।

Related Articles

Leave a Reply

Back to top button