বিশ্ব

রাতভর অভিযানে মিয়ানমারে নিহত ৬০

কমপক্ষে ৬০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন, মিয়ানমারে সামরিক বাহিনীর রাতভর অভিযানে। খবর আলজাজিরা।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের উত্তর-পূর্বাঞ্চলীয় বাগো শহরে নিরাপত্তা বাহিনী এই অভিযান চালায়।

ঘটনার পর ভুক্তভোগীদের পরিবার বা স্থানীয়রা নিহতদের মরদেহ উদ্ধার করতে পারেননি। নিহতদের বেশিরভাগেরই মৃতদেহ নিরাপত্তা বাহিনী নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার মিয়ানমারের বাগো শহরে পুলিশ ও সেনাবাহিনী বৃষ্টির মতো গুলিবর্ষণ করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম রেডিও ফ্রি এশিয়া। রাজপথে বিক্ষোভকারীদের ব্যারিকেডও সরিয়ে দিয়েছে তারা। আন্দোলনের সময় সেসব ব্যারিকেড বিক্ষোভকারীরা রাস্তার ওপর রেখেছিলেন।

স্থানীয় এক বাসিন্দার বরাত দিয়ে রেডিও ফ্রি এশিয়া জানায়, শুক্রবার রাত ৮টা পর্যন্ত স্থানীয়রা মাত্র তিনটি মরদেহ উদ্ধার করতে পেরেছেন। বাকিগুলো সেনা সদস্যরা স্থানীয় একটি প্যাগোডা এবং স্কুলে নিয়ে ফেলে রেখেছে।

এদিকে জান্তা সরকারের দমনপীড়ন ও সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় মিয়ানমারের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি দেশটিতে নো-ফ্লাই জোন ঘোষণার দাবি জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের দূত কিয়াও মোয়ে তুন।

Related Articles

Leave a Reply

Back to top button