বাংলাদেশ

বেহেশতে আছি’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

‘আমরা সুখে আছি, বেহেশতে আছি’- এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ দেশব্যাপী তীব্র সমালোচনার মুখে পড়েন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

এরই প্রেক্ষিতে শনিবার (১৩ আগস্ট) দুপুরে সিলেট জেলা পরিষদের আয়োজনে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে ওই মন্তব্য নিয়ে কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেহেশতের কথা আমি বলেছি, কম্পারেটিভ টু আদার কান্ট্রি (অন্য দেশের তুলনায়)। আর আপনারা সব জায়গায় লিখেছেন ‘বেহেশত বলেছেন’, মানে টুইস্ট করা হয়েছে। আপনারা বলেননি যে আমাদের মূল্যস্ফীতি অন্য দেশের তুলনায় কম।

তিনি আরও বলেন, আমি বলেছি, অন্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি এবং তাদের তুলনায় আমরা বেহেশতে আছি।

তিনি বলেন, ‘মুদ্রাস্ফীতি ইংল্যান্ডে ১২ ভাগ, তুরস্কে ৬৭ ভাগ, পাকিস্তানে ৩৭ ভাগ, শ্রীলংকায় ১৫০ ভাগ, আর আমাদের মুদ্রাস্ফীতি মাত্র ৭ ভাগ। সেই দিক দিয়ে আমরা ভালো আছি, বেহেশতে আছি। আপনারা কিন্তু এই কথাগুলো বলেননি। এসব তুলনা করলে আমরা অনেক ভালো আছি। বিষয়টি না বুঝে টুইস্ট করা ঠিক হয়নি।’

উল্লেখ্য, শুক্রবার (১২ আগস্ট) সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পে ‘ভূমি অধিগ্রহণবিষয়ক’ মতবিনিময় সভা শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা সম্পর্কে মন্ত্রী বলেন, বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেশতে আছে। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে একটি পক্ষ প্যানিক ছড়ানোর জন্য এমন কথা বলছেন।

এরপরই মন্ত্রীর ‘সুখে আছি, বেহেশতে আছি’ মন্তব্যকে ঘিরে দেশব্যাপী আলোচনা-সমালোচনা শুরু হয়।

Related Articles

Leave a Reply

Back to top button