বিয়ে করে রাজত্ব হারালেন জাপানের রাজকুমারী

অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন জাপানের রাজকুমারী প্রিন্সেস মাকো। আর এ বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই রাজকুমারী মাকো বঞ্চিত হলেন নিজের যাবতীয় রাজকীয় অধিকার থেকে। খবর: বিবিসি
স্থানীয় সময় মঙ্গলবার (২৬ অক্টোবর) সহপাঠী ও দীর্ঘদিনের বন্ধুকেই কোমুরোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

জাপানি রাজ পরিবারের নিয়ম অনুযায়ী, রাজপুত্র অথবা রাজকুমারীরা রাজবংশের বাইরে সাধারণ পরিবারের কাউকে বিয়ে করলে রাজকীয় পদমর্যাদা হারায় এবং তাদের বঞ্চিত হতে হয় রাজপ্রাসাদের সবকিছু থেকে।
গত শনিবার (২৩ অক্টোবর) শেষবারের মতো রাজপ্রাসাদে নিজের ৩০তম জন্মদিন পালন করেছেন মাকো। এর মধ্যে দিয়েই শেষ বারের মতো রাজপ্রাসাদে কোনো অনুষ্ঠান উদযাপন করলেন তিনি।
উল্লেখ্য, জাপানের ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে ২০১২ সালে পরিচয় হয় প্রিন্সেস মাকো ও কেই কোমুরোর। ২০১৭ সালে সম্পন্ন হয় তাদের বাগদানও। পরবর্তীতে জটিলতা তৈরি হওয়ায় পিছিয়ে যায় বিয়ের আয়োজন। তবে দুই বছর পর অবশেষে তা মেনে নেন জাপানের ক্রাউন প্রিন্স ফুমিহিতো।
জানা গেছে, বিয়ে হয়ে যাওয়ায় রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে প্রিন্সেস মাকো স্বামী কেই কোমুরোর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন। কোমুরোর সেখানে গিয়ে আইনজীবী হিসেবে কাজ করার কথা রয়েছে।
এভাবে রাজপরিবার থেকে বেরিয়ে বিয়ে করায় অনেকেই তাদের জাপানের মেগান মারকেল ও প্রিন্স হ্যারি হিসেবে অ্যাখ্যা দিচ্ছেন।



