বাংলাদেশ

২৫শে এপ্রিল করোনাভাইরাস পরীক্ষার কিট দেবে গণস্বাস্থ্য কেন্দ্র

আগামী ২৫শে এপ্রিল করোনাভাইরাস পরীক্ষা করতে ৫০০ কিট সরকারের কাছে হস্তান্তর করবে গণস্বাস্থ্য কেন্দ্র।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী একথা জানান।

তিনি বলেন, এই ৫০০ কিট দেয়া হচ্ছে সরকারের চূড়ান্ত অনুমোদন পাওয়ার জন্য। এটা দিচ্ছি তারা যাতে (সরকার) কম্পারিজন (তুলনা) করতে পারে। আশা করছি , এই কিট দেয়ার পর দু-তিন দিনের মধ্যে সরকার চূড়ান্ত অনুমোদন দেবে। অনুমোদন পাওয়ার পর পর্যায়ক্রমে এক লাখ কিট দেয়া হবে বলে জানানো হয়।

ডা. জাফরুল্লাহ বলেন, এর আগে গত ২০ শে এপ্রিল কিট জমা দেয়ার কথা থাকলেও বৈদ্যুতিক গোলযোগের কারণে ল্যাবে যান্ত্রিক ত্রুটি তৈরি হওয়ায় সেই ব্যাচটি নষ্ট হয়ে যায়। ফলে পুরো ব্যাচটিই নতুনভাবে তৈরি করতে হয়েছে। যার কারণে ঠিক সময়ে সেগুলো হস্তান্তর করা যায়নি। তবে এই কিটটি আরো উন্নত হয়েছে বলে জানান তিনি।

বর্তমানে গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবে যে উৎপাদন পদ্ধতিতে কিট উৎপন্ন করা হচ্ছে তা আধা-স্বয়ংক্রিয়। যার সাহায্যে মাসে এক লাখ কিট উৎপাদন সম্ভব।

তিন মাস পরে এক কোটি কিট সরবরাহ করার কথা ভাবছে গণস্বাস্থ্য কেন্দ্র। তবে তার জন্য কিট উৎপাদনে অটোমেশন পদ্ধতি স্থাপন করতে হবে।

এছাড়া ইংল্যান্ড, চীন ও আমেরিকা থেকে কিছু কাঁচামাল এখনো এসে পৌঁছায়নি বলে জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী।”আমাদের কিট হান্ড্রেড পার্সেন্ট এটাকে ডিটেক্ট (শনাক্ত) করতে পেরেছে,” তিনি বলেন।১৫ মিনিটের মধ্যেই এই কিট দিয়ে করোনাভাইরাস শনাক্ত করা সম্ভব।

 

Related Articles

Leave a Reply

Back to top button